মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার পশ্চিমাঞ্চলে অবতরণের সময় ভয়াবহ বিমান দুর্ঘটনা। ৬ জন যাত্রী এবং ২ জন পাইলট-সহ মোট ৮ জন আরোহীকে নিয়ে একটি চার্টার বিমান দুর্গম এলাকায় ভেঙে পড়েছে। দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB)।
জানা গিয়েছে, বিমানটি অ্যানকোরেজ থেকে কেপ নিউেনহ্যাম বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। গন্তব্যের কাছে পৌঁছনোর পর দক্ষিণ-পশ্চিম উপকূলের কেপ নিউেনহ্যাম লং রেঞ্জ রাডার সাইটের কাছে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অবতরণের সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছে আলাস্কা রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার। তবে প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম ভূখণ্ডের কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। বিমানে থাকা ৮ জনের মধ্যে কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে NTSB এবং আলাস্কা স্টেট ট্রুপারস। যান্ত্রিক ত্রুটি নাকি খারাপ আবহাওয়া—ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা তদন্তের পরই স্পষ্ট হবে।







