জার্মানির একটি প্রখ্যাত ব্যাঙ্কে সম্প্রতি ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা, যেখানে ক্লান্ত এক কর্মীর অনিচ্ছাকৃত ভুলে ৬৪.২০ ইউরোর বদলে ২২২,২২২,২২২.২২ ইউরো স্থানান্তর হয়ে যায়, যার অর্থমূল্য প্রায় ২০০ কোটি টাকা। সূত্র অনুযায়ী, ওই কর্মী দীর্ঘক্ষণ কাজ করার পর ক্লান্ত হয়ে পড়েন এবং টাইপ করার সময় হঠাৎ কি-বোর্ডের ওপর ঘুমিয়ে পড়েন। ফলে তাঁর আঙুল একটি সংখ্যার বোতামে চাপা অবস্থায় থাকায় এমন অস্বাভাবিক অঙ্ক স্থানান্তর হয়ে যায়।
এই গাফিলতি নজরে আসে যখন অপর এক কর্মী লেনদেনটি পর্যালোচনা করেন। বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে, ব্যাঙ্ক সুপারভাইজারকে অবহেলার অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়, যিনি সেই বিশাল অঙ্কের লেনদেনটি যাচাই না করেই অনুমোদন করেছিলেন। তবে হেস রাজ্যের শ্রম আদালত সেই বরখাস্তের সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ বলে রায় দেয়। আদালতের পর্যবেক্ষণে জানা যায়, সুপারভাইজার সেদিন একাই ৮১২টি লেনদেন নথি যাচাই করেছিলেন, প্রতিটির জন্য বরাদ্দ সময় ছিল মাত্র কয়েক সেকেন্ড। বিচারপতির মতে, এতে গুরুতর অবহেলার প্রমাণ নেই এবং এই ভুল ইচ্ছাকৃত ছিল না।
আদালতের নির্দেশে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে সেই সুপারভাইজারকে পুনরায় চাকরিতে ফিরিয়ে নিতে বলা হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আরও উন্নত ও স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা চালুর পরামর্শও দেওয়া হয়। এই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে অনেকেই ব্যাঙ্কিং সিস্টেমে প্রযুক্তিনির্ভর যাচাই প্রক্রিয়ার উপর জোর দিচ্ছেন।







