অনলাইন দুনিয়ায় শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা জোরদার করতে বড়সড় পদক্ষেপের পথে হাঁটছে ব্রিটেন। দেশটিতে অশ্লীল বা নগ্ন ছবি দেখার আগে বাধ্যতামূলক করা হতে চলেছে বয়সের প্রমাণ। এই সিদ্ধান্ত কার্যকর হলে সরাসরি প্রভাব পড়বে বিশ্বের দুই টেক জায়ান্ট অ্যাপেল ও গুগলের উপর। আইওএস ও অ্যান্ড্রয়েড—দুই অপারেটিং সিস্টেমেই নতুন নিয়ম চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।
ব্রিটেন প্রশাসনের মতে, অনলাইনে অশ্লীল কনটেন্ট সহজলভ্য হওয়ায় নারী ও শিশুদের বিরুদ্ধে হিংসা, মানসিক নির্যাতন এবং অপরাধপ্রবণতা বাড়ছে। সেই কারণেই কনটেন্ট দেখার আগে বয়স যাচাইকে বাধ্যতামূলক করার পক্ষে মত দিয়েছে সরকার। প্রাথমিকভাবে বায়োমেট্রিক সাপোর্ট বা সরকারি পরিচয়পত্রের মাধ্যমে বয়স প্রমাণের কথা ভাবা হচ্ছে। তবে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বজায় রেখে কীভাবে এই ব্যবস্থা চালু করা হবে, তা নিয়ে নির্দিষ্ট নির্দেশিকা তৈরির কাজ চলছে।
জানা গিয়েছে, প্রথম ধাপে এই নিয়ম শুধুমাত্র স্মার্টফোনের ক্ষেত্রেই কার্যকর হবে। পরে ধাপে ধাপে ডেস্কটপ ও ল্যাপটপেও তা প্রয়োগ করার পরিকল্পনা রয়েছে। যদিও অ্যাপেল ও গুগল ইতিমধ্যেই সংবেদনশীল কনটেন্ট নিয়ন্ত্রণে কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা চালু করেছে, তবুও ব্রিটেন সরকার চাইছে সর্বস্তরে কড়াকড়ি।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ সফল করতে হলে হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাটের মতো সোশাল মিডিয়া ও মেসেজিং প্ল্যাটফর্মগুলিকেও একই নীতির আওতায় আনতে হবে। নচেৎ নিয়ম এড়িয়ে যাওয়ার পথ খোলা থেকেই যাবে।
উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। সেই আইন কার্যকর হওয়ার পর বিশ্বজুড়েই শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। ব্রিটেনের এই নতুন পদক্ষেপ সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ভবিষ্যতে আরও দেশ এই পথ অনুসরণ করতে পারে বলেই ধারণা।







