দেশরাজ্য

বাংলার শ্রমিকদের উপর নির্যাতন রুখতে কড়া পদক্ষেপ, রাজ্যে ফেরানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর”

অবাঙালি রাজ্যগুলিতে পরিযায়ী বাঙালি শ্রমিকদের উপর লাগাতার হেনস্তার অভিযোগ ঘিরে উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক থেকে তিনি স্পষ্ট ঘোষণা করেন “বাইরে প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছেন। এবার তাঁদের সবাইকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।”

তিনি জানান, পরিযায়ী শ্রমিকদের বাইরে গিয়ে কাজ করতে আর বাধ্য হতে হবে না। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা “বাইরে গেলে দালালদের ভরসায় যেতে হয়। কিন্তু সমস্যায় পড়লে তারা পাশে থাকে না। তাই এবার যারা বাইরে আছেন, তাঁরা রাজ্যে ফিরে আসুন। আমরা থাকার জায়গা না পেলে ক্যাম্প করে দেব, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, কর্মশ্রী-সহ প্রয়োজনীয় সাহায্য করা হবে। জব কার্ড দিয়েও তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

এই লক্ষ্যে মুখ্যমন্ত্রী দায়িত্ব দিলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে, যিনি এখন পরিযায়ী শ্রমিক সেলের দায়িত্বে রয়েছেন। মমতার বার্তা, “সামিরুল, ওঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করো।”

প্রসঙ্গত, কোভিড-পর্বে ভিনরাজ্য থেকে বহু শ্রমিককে রাজ্যে ফিরিয়ে এনেছিল রাজ্য সরকার। তৎকালীন পরিস্থিতিতে তাঁদের বিনামূল্যে রেশন, স্বাস্থ্য পরিষেবা এবং কর্মশ্রী প্রকল্পে কাজের সুযোগ দিয়েছিল প্রশাসন। যদিও পরে অনেকে আবার আগের কর্মস্থলে ফিরে যান।

কিন্তু এবার ছবি অনেকটাই বদলেছে। অভিযোগ, আজ বাংলার শ্রমিকেরা বাইরের রাজ্যে বাংলায় কথা বললেই তাঁদের ‘বাংলাদেশি’ বলে অপমান করা হচ্ছে। এমনকি তুলে দেওয়া হচ্ছে ডিটেনশন ক্যাম্পে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর পদক্ষেপ সব শ্রমিককে ফিরিয়ে এনে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে ফের স্পষ্ট, বাংলার মানুষ কোথাও অবহেলিত হলে, তাঁদের পাশে দাঁড়াতে সদা প্রস্তুত ‘দিদি’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.