দেশ

বর্ষবরণের আগে রাজস্থানে নাশকতার ছক বানচাল, ১৫০ কেজি বিস্ফোরক-সহ গ্রেপ্তার দুই

নতুন বছরের উৎসবের আমেজ শুরু হওয়ার আগেই রাজস্থানে বড়সড় নাশকতার ছক বানচাল করে দিল পুলিশ। বুধবার টঙ্ক জেলার বারোনি থানা এলাকায় অভিযান চালিয়ে একটি চারচাকা গাড়ি থেকে প্রায় ১৫০ কেজি মারাত্মক বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, বর্ষবরণের রাতে ভিড়ভাট্টায় কোনও বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল আততায়ীদের।

গোপন সূত্রে খবর পেয়েই এদিন পুলিশ হানা দেয়। তল্লাশি চালানোর সময় গাড়িটি থেকে প্রচুর পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া যায়। শুধু বিস্ফোরকই নয়, তার সঙ্গে ২০০টি কার্তুজ এবং বেশ কয়েক বান্ডিল বৈদ্যুতিক তারও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় সুরেন্দ্র মোচি এবং সুরেন্দ্র পাটোয়া নামে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিস্ফোরকগুলি বুন্দি থেকে টঙ্কে নিয়ে আসা হচ্ছিল। ডিপিএস মৃত্যুঞ্জয় মিশ্র জানিয়েছেন, গোটা চক্রটি কতদূর বিস্তৃত এবং এই বিস্ফোরক কোথায় ব্যবহারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে দিল্লির লালকেল্লার সামনে ঘটে যাওয়া ভয়াবহ গাড়ি বিস্ফোরণের স্মৃতি এখনও মানুষের মনে টাটকা। সেই হামলায় ১৫ জন প্রাণ হারিয়েছিলেন এবং তদন্তে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের নাম উঠে এসেছিল। এমনকি সেই ঘটনার তদন্ত করতে গিয়ে দেশের ভেতরে ঘাপটি মেরে থাকা একাধিক ‘সাদা পোশাকের’ জঙ্গি মডিউলের হদিস পাওয়া গিয়েছিল। রাজস্থানের এই সাম্প্রতিক ঘটনাটি ঠিক একই কায়দায় ঘটানোর চেষ্টা হচ্ছিল কি না, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গোয়েন্দারা। উৎসবের মরশুমে এমন বিস্ফোরক উদ্ধারের ঘটনায় রাজস্থান জুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.