দেশ

গোহত্যা নিষেধাজ্ঞায় বড় মোড়! মাদ্রাজ হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিমের, স্বস্তিতে বিজয় সরকার

গোহত্যা সংক্রান্ত মামলায় মাদ্রাজ হাই কোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত জানায়, হাই কোর্টের রায়ের শেষ অংশটি প্রাথমিকভাবে সংশোধনের প্রয়োজন রয়েছে বলেই মনে হচ্ছে। সেই কারণেই আপাতত ওই নির্দেশ কার্যকর করা হচ্ছে না।

গত মে মাসে দক্ষিণী রাজ্যে গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবিতে মাদ্রাজ হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলার শুনানিতে হাই কোর্ট নির্দেশ দেয়, তামিলনাড়ুতে ইদ-সহ বছরের কোনও দিনই গরু বা বাছুর জবাই করা যাবে না। আদালত পর্যবেক্ষণ করেছিল, গোহত্যা কোনও বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয়। পাশাপাশি সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়, গরু ও বাছুর সংরক্ষণ করলে দুধ উৎপাদন বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

তবে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তামিলনাড়ুর সরকার। তাদের দাবি, হাই কোর্টের নির্দেশ রাজ্যে কার্যকর থাকা তামিলনাড়ু প্রাণী সংরক্ষণ আইন, ১৯৫৮-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ওই আইনে নির্দিষ্ট শর্তসাপেক্ষে—যেমন ১০ বছর বা তার বেশি বয়সী, অথবা প্রজনন ও কৃষিকাজে অক্ষম গরু—জবাইয়ের অনুমতি রয়েছে।

সোমবার মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, হাই কোর্টের রায়ের শেষ অনুচ্ছেদে কার্যত রাজ্যজুড়ে গোহত্যার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা আপাতদৃষ্টিতে পুনর্বিবেচনার দাবি রাখে। সেই কারণেই ওই অংশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে।

ফলে আপাতত তামিলনাড়ুতে গোহত্যা সংক্রান্ত বিদ্যমান আইনই কার্যকর থাকবে। মামলার পরবর্তী শুনানিতে বিষয়টি নিয়ে বিস্তারিত বিচার হবে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.