রাজ্যে আজ, ১৩ জুলাই থেকেই আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার কথা নতুন গুন্ডাদমন আইন। সমাজবিরোধী কার্যকলাপ দমনে এই আইন প্রয়োগে প্রশাসন প্রস্তুতি নেওয়ার মধ্যেই কলকাতা হাই কোর্টে আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে অবিলম্বে স্থগিতাদেশের আবেদন জানানো হয়েছে। সিপিএম নেতা ও আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের আবেদন গ্রহণ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জনস্বার্থ মামলা (পিআইএল) দায়েরের অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত ২৯ জুন বিধানসভায় ধ্বনিভোটে পাশ হয় ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’, যা সাধারণভাবে ‘গুন্ডাদমন বিল’ নামে পরিচিত। বিলে উল্লেখ রয়েছে, কমিশন প্রয়োজন মনে করলে ক্ষয়ক্ষতির প্রকৃত অঙ্কের দ্বিগুণ পর্যন্ত দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ বা জরিমানা ধার্য করতে পারবে। পাশাপাশি সমাজবিরোধী কার্যকলাপ মোকাবিলায় পুলিশ ও তদন্তকারী সংস্থাকে আরও বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের দাবি, অতীতে তোলাবাজি, সিন্ডিকেট চক্র ও অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেই এই কঠোর আইন আনা হয়েছে। সরকার আগেই জানিয়েছিল, ১৩ জুলাই থেকে আইনটি সারা রাজ্যে কার্যকর হবে।
আইন কার্যকর হওয়ার প্রথম দিনেই এর সাংবিধানিক বৈধতা নিয়ে আপত্তি তুলেছে বিরোধী শিবির। মামলাকারী সব্যসাচী চট্টোপাধ্যায়ের অভিযোগ, এই আইনের মাধ্যমে সন্দেহের ভিত্তিতে কাউকে গ্রেপ্তারের সুযোগ তৈরি হচ্ছে, যা সংবিধান ও মানবাধিকারের পরিপন্থী। তাঁর দাবি, তাই অবিলম্বে আইনের উপর স্থগিতাদেশ দেওয়া প্রয়োজন। সেই আবেদন বিবেচনা করে হাই কোর্ট জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে এবং শিগগিরই বিষয়টির শুনানি হতে পারে।
অন্যদিকে, নতুন আইন কার্যকর হওয়াকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “দুষ্কৃতীদের দৌরাত্ম্য রুখতে এই কঠোর আইন চালু করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। আজ থেকে সমাজবিরোধীদের দাপটের অবসান ঘটবে বলেই আমাদের বিশ্বাস।”







