দেশবিদেশ

নেপালে হড়পা বান: সাহায্যের আশ্বাস মোদীর, ত্রাণ নিয়ে প্রস্তুত ভারত

নেপালের ভয়াবহ হড়পা বান নিয়ে উদ্বিগ্ন ভারতও। বিপর্যয়ের খবর পাওয়ার পরই নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি সূত্রে জানা গিয়েছে, ফোনালাপে নেপালের সামগ্রিক পরিস্থিতির খোঁজ নেন তিনি। পাশাপাশি উদ্ধার ও ত্রাণকাজে সবরকম সহযোগিতার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।

বুধবার সকালে নেপালের ভোতে কোশী নদীতে আচমকাই ভয়াবহ হড়পা বান নামে। মুহূর্তের মধ্যে নদীর প্রবল স্রোতে একের পর এক গ্রাম ভেসে যায়। এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ ৩৫০-এরও বেশি মানুষ। নিখোঁজদের মধ্যে ১০৫ জন ভারতীয় পর্যটক রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁরা নেপালে বেড়াতে কিংবা ট্রেকিংয়ের উদ্দেশ্যে গিয়েছিলেন।

বিপর্যয়ের খবর পাওয়ার পরই নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে ফোনে কথা বলেন নরেন্দ্র মোদী। হড়পা বানে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। একইসঙ্গে উদ্ধারকাজ, ত্রাণ পৌঁছে দেওয়া-সহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

পরে এক্স হ্যান্ডেলেও নেপালের পাশে থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এই কঠিন সময়ে নেপালের মানুষের পাশে রয়েছে ভারত। সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে ভারত প্রস্তুত। উদ্ধার ও ত্রাণকাজে নেপালের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, নেপালে উদ্ধারকাজে সাহায্যের জন্য প্রস্তুত ভারতীয় বায়ুসেনাও। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ইতিমধ্যেই ত্রাণসামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। নেপালের তরফে সবুজ সংকেত মিললেই ভারতীয় বায়ুসেনার সি-১৭ এবং সি-১৩০ বিমান ত্রাণসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ এবং আর্থ মুভিং ইক্যুইপমেন্ট নিয়ে রওনা দেবে।

সূত্রের খবর, বুধবারই একটি সি-১৩০ বিমান নেপালের উদ্দেশে উড়ে যাবে। বৃহস্পতিবার দুপুরে আরও ত্রাণসামগ্রী নিয়ে রওনা দেওয়ার কথা সি-১৭ বিমানের। পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও প্রয়োজনে দ্রুত মোতায়েনের জন্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.