আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর এবার কড়া পদক্ষেপ নিল অসামরিক উড়ান পরিবহন মন্ত্রক। বিমানবন্দরের কাছাকাছি উঁচু বিল্ডিং বা গাছপালা যাতে বিমান চলাচলের পথে বাধা না হয়, তা নিশ্চিত করতে আনা হল নতুন খসড়া আইন — Air Craft (Demolition of Obstructions) Rules, 2025।
এই খসড়া বিলে বলা হয়েছে, দেশের যেকোনও বিমানবন্দরের সংলগ্ন এলাকায় যদি কোনও ভবন বা গাছ নির্ধারিত উচ্চতার সীমা লঙ্ঘন করে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই নির্মাণ বা গাছ সরিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারবে। এমনকী ভবিষ্যতে প্রস্তাবিত নতুন বিল্ডিং হলেও, উচ্চতা সীমা পেরোলেই তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া যেতে পারে।
১৮ জুন প্রকাশিত হয়েছে এই খসড়া বিল। গেজেটে নোটিফিকেশন বেরোলে, তা কার্যকর হবে। নির্দেশে বলা হয়েছে, ৬০ দিনের মধ্যে মালিককে বিল্ডিং সংক্রান্ত যাবতীয় তথ্য পেশ করতে হবে। তা না করলে বিল্ডিং কমিয়ে দেওয়া বা সম্পূর্ণ ভেঙে ফেলার পথে হাঁটবে সরকার। ডিজিসিএ ও জেলার প্রশাসনিক আধিকারিকদের হাতে থাকবে রিপোর্ট করার ক্ষমতা। প্রয়োজনে জেলাশাসকের নজরদারিতে শুরু হবে ভাঙার কাজ।
যাদের গাছ বা বিল্ডিং ভাঙা পড়বে, তারা যথাযথ নথি দেখাতে পারলে ক্ষতিপূরণের আবেদন করতে পারবেন। তবে নতুন কোনও বেআইনি কাঠামো হলে, ক্ষতিপূরণ মিলবে না।
নিরাপত্তার স্বার্থে এ এক বড় সিদ্ধান্ত, যা ভবিষ্যতের দুর্ঘটনা এড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। ভারতের বিমান চলাচলকে আরও নিরাপদ করতে সরকার যে কোনওরকম আপস করতে রাজি নয়— এই নতুন আইনই তার স্পষ্ট বার্তা।







