দেশ

তীর্থযাত্রা শেষে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ১২ জনের

তীর্থযাত্রা শেষে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা। উত্তরপ্রদেশের বাগপতে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে তীর্থযাত্রীবোঝাই গাড়ি উল্টে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ জনেরও বেশি। রবিবার গভীর রাতে খেকরা কোতওয়ালি এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটিতে বুদাউন জেলার মোট ৩২ জন তীর্থযাত্রী ছিলেন। তাঁরা রাজস্থানের বাগাড় ধাম থেকে বুদাউনে ফিরছিলেন। রাত প্রায় ১টা নাগাদ বাসি ও বড়া গ্রামের মধ্যবর্তী এলাকায় আচমকা ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। গাড়ির ভিতরে আটকে পড়া যাত্রীদের আর্তনাদে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও জরুরি পরিষেবার কর্মীরা। ধ্বংসস্তূপ থেকে যাত্রীদের উদ্ধার করে বাগপত জেলা হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা প্রথমে ছয়জনকে মৃত বলে ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হয়। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২ হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ। গাড়িটির গতি, চালকের নিয়ন্ত্রণ এবং রাস্তার পরিস্থিতি—সব দিকই তদন্তের আওতায় রয়েছে। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে কিছু সময়ের জন্য যান চলাচলও প্রভাবিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.