ক্রাইম

গুয়াহাটিতে স্ত্রীকে খুনের অভিযোগ, ফ্রিজে মিলল মাথা! শ্রদ্ধা কাণ্ডের স্মৃতি উসকে চাঞ্চল্য

ফের সামনে এল নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা, যা মনে করিয়ে দিল শ্রদ্ধা ওয়াকার হত্যার ভয়াবহ স্মৃতি। শ্রদ্ধার দেহ ৩৫টি টুকরো করার অভিযোগ উঠেছিল তাঁর প্রেমিক আফতাবের বিরুদ্ধে। এবার অসমের গুয়াহাটিতে এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে খুন করে তাঁর মাথা ফ্রিজে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্তের কোনও সন্ধান মেলেনি। ঘটনার তদন্তে নেমে জোরকদমে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে, ২৫ বছরের রিয়া তালুকদারের সঙ্গে বিয়ে হয়েছিল রামানুজন গোস্বামীর। গুয়াহাটির হাতিগাঁও এলাকায় তাঁরা একসঙ্গেই থাকতেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত সোমবার রাতে দু’জনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সেই বচসা তীব্র আকার নেয়। এরপর রাত আটটা নাগাদ রামানুজন বাড়ি থেকে বেরিয়ে যান বলে দাবি প্রতিবেশীদের।

পরদিন, অর্থাৎ মঙ্গলবার রাতে ওই বাড়ি থেকে পচা গন্ধ বের হতে শুরু করে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশকে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ঘরের ভিতর তল্লাশি চালাতেই চাঞ্চল্যকর বিষয়টি সামনে আসে। একটি কালো প্লাস্টিকের ব্যাগের ভিতরে রিয়ার মাথা রাখা ছিল ফ্রিজের মধ্যে। শুধু তাই নয়, তাঁর হাতের আঙুলও কেটে ফেলা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। এরপরই সন্দেহের কেন্দ্রে চলে আসেন রামানুজন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিয়া ফ্যান্সি বাজারের একটি শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেটে কাজ করতেন। তাঁর বাবা-মা কেউই জীবিত নেই। পরিবারের সদস্য বলতে রয়েছেন এক ভাই। এই ঘটনায় এখনও পর্যন্ত রামানুজনকেই প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। রিয়ার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা গেলে ঘটনার প্রকৃত কারণ এবং খুনের নেপথ্যের বিষয়গুলি স্পষ্ট হতে পারে বলে তদন্তকারীদের ধারণা।

এই ঘটনায় ফের মনে পড়ছে ২০২২ সালের দিল্লির মেহেরৌলিতে শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের কথা। ১৮ মে প্রেমিকা তথা লিভ-ইন সঙ্গী শ্রদ্ধাকে খুন করার অভিযোগ উঠেছিল আফতাবের বিরুদ্ধে। পরবর্তীতে তাঁর দেহ একাধিক টুকরো করে দিল্লির বিভিন্ন এলাকায় ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। আফতাবের সঙ্গে সম্পর্কের কারণে পরিবার, চাকরি এবং নিজের শহর ছেড়ে দিল্লিতে চলে এসেছিলেন শ্রদ্ধা। শেষপর্যন্ত সেই সম্পর্কেরই ভয়াবহ পরিণতি হয়।

তবে আফতাবের বিরুদ্ধে আগেও অভিযোগ জানিয়েছিলেন শ্রদ্ধা। ২০২০ সালে তিনি একটি দীর্ঘ চিঠি লিখে পুলিশের কাছে আফতাবের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বলে জানা যায়। তা সত্ত্বেও পরবর্তীতে তাঁর সঙ্গেই সম্পর্ক বজায় রেখেছিলেন শ্রদ্ধা। গুয়াহাটির সাম্প্রতিক এই হত্যার অভিযোগ সেই পুরনো ঘটনার ভয়াবহ স্মৃতিই ফের উসকে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.