গভীর রাতে ঘরে ঢুকে ঘুমন্ত মা ও ছেলের উপর এলোপাথাড়ি কাটারির কোপ। নৃশংস সেই হত্যাকাণ্ডের মামলায় অবশেষে দোষী সাব্যস্ত হল অভিযুক্ত। মহামান্য আদালত মাধাই দাসকে ১০ হাজার টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
ঘটনাটি নানুর থানার এলাকার। অভিযোগ, গভীর রাতে স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী মাধাই দাস প্রতিমা দাসের বাড়িতে ঢুকে পড়ে। পুরনো ক্ষোভের জেরেই ঘুমন্ত প্রতিমা দেবীর উপর আচমকা কাটারি নিয়ে হামলা চালায় সে। একের পর এক কোপে গুরুতর জখম হন প্রতিমা। মায়ের আর্তনাদ শুনে পাশে ঘুমিয়ে থাকা ছেলে সঞ্জিত দাস এগিয়ে এলে তাকেও রেহাই দেয়নি অভিযুক্ত। সঞ্জিতের মাথাতেও পরপর কোপ বসানো হয়।
মা-ছেলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাধাই। গুরুতর আহত অবস্থায় দু’জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক প্রতিমা দেবীকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে সঞ্জিতের চিকিৎসা শুরু হয়।
ঘটনার পর মৃতার স্বামী দুর্গম দাস নানুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তের দায়িত্ব নেন সাব-ইন্সপেক্টর নির্মল চক্রবর্তী, যিনি বর্তমানে অবসরপ্রাপ্ত। তদন্তে নেমে তথ্যপ্রমাণ সংগ্রহের পাশাপাশি অভিযুক্ত মাধাই দাসকে গ্রেফতার করেন তিনি। পরবর্তীতে সংগৃহীত তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে আদালতে দোষী সাব্যস্ত হল মাধাই। নৃশংস এই হত্যাকাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।







