আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে বাড়িতে ঢুকে মাধ্যমিক পরীক্ষার্থীর শীলতাহানির অভিযোগ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। ঘটনাটি মালদার ইংরেজবাজারের যদুপুর ২ গ্রাম পঞ্চায়েতের। অমল মণ্ডল নামে ওই যুবকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান নাবালিকার বাবা। অভিযোগের ভিত্তিতে পকসো আইনের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
হতদরিদ্র পরিবারের সদস্য কিশোরীর কিছুদিন আগেই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়। সোমবার বিকেলে তার বাবা মার অনুপস্থিতিতে বাড়িতে একা ছিল কিশোরী। নাবালিকার বাবা জানান, সোমবার মেয়ে বাড়িতে একা ছিল। হঠাৎই অমল মণ্ডল এসে তোদের আবাসের ঘর করে দেব আশ্বাস দিয়ে বাবা – মায়ের আধার কার্ড চায়। মেয়ে আধার কার্ড আনতে ঘরের ভিতরে গেলে পিছন পিছন সেও ঢোকে। তারপরই নাবালিকার সঙ্গে জবরদস্তুি করে। নাবালিকার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ওকে হাতে নাতে ধরে। তখন সে হাত জোড় করে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। সূত্রের খবর, এরকম কাজ সে আরও ১০ – ১২টা মেয়ের সঙ্গে করে।
অভিযুক্ত অমল মণ্ডলের মা ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির তৃণমূলি সদস্য। বাবা ওই অঞ্চলের তৃণমূল নেতা। সেই প্রভাব ব্যবহার করেই সে এই সব কাণ্ড করে বলে দাবি জানায় স্থানীয়রা।
ঘটনার পরই সোমবার রাতেই ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার বাবা। অভিযোগের ভিত্তিতে পকসো আইনের ধারায় মামলা রুজু করে পুলিশ। তবে অভিযুক্ত এখনও অধরা।







