হুগলি: পাণ্ডুয়া থানার অন্তর্গত রামেশ্বরপুর এলাকায় মঙ্গলা রায় হত্যাকাণ্ডের মামলায় বড়সড় রায় দিল আদালত। অভিযুক্ত শেখ মহিবুল ইসলামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রামেশ্বরপুর এলাকায় ছেলেকে নিয়ে থাকতেন মঙ্গলা রায়। সেই সময় শেখ মহিবুল ইসলামের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তীতে দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলেও কিছুদিন পর থেকেই তাঁদের মধ্যে প্রায়ই বচসা ও বাদানুবাদ চলত।
ঘটনার দিন, ২২ এপ্রিল ২০২৩, রাত সাড়ে ৮টা নাগাদ মঙ্গলা রায়ের বাড়িতে আসে মহিবুল। অভিযোগ, সেখানে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে একটি ইট দিয়ে মঙ্গলা রায়ের মাথা ও মুখে একাধিকবার আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই পরদিন সকালে তাঁর মৃত্যু হয়।
২৩ এপ্রিল মঙ্গলা রায়ের পরিবারের পক্ষ থেকে পাণ্ডুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। তৎকালীন তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর রাকেশ দাস তদন্তে নেমে বিভিন্ন তথ্য ও প্রমাণ সংগ্রহ করে আদালতে চার্জশিট পেশ করেন।
দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে সম্প্রতি আদালত মহিবুল ইসলামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার সাজা ঘোষণা করে।







