দেশের নিরাপত্তা সংক্রান্ত এক চাঞ্চল্যকর ঘটনায়, পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে যোগসাজশের অভিযোগে ভারতীয় বায়ুসেনার এক প্রাক্তন আধিকারিককে গ্রেফতার করেছে আসাম পুলিশ। ধৃত ব্যক্তির নাম কুলেন্দ্র শর্মা, যার বাড়ি তেজপুরের পটিয়া এলাকায়।
পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাতে গোপন সূত্রে পাওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আইএএফ-এর এই প্রাক্তন জুনিয়র ওয়ারেন্ট অফিসারকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরেই আসাম পুলিশ তাঁর গতিবিধির উপর নজর রাখছিল। প্রাথমিক তদন্তের পর তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
আসাম পুলিশের তরফে জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত ওই বায়ুসেনা আধিকারিকের সঙ্গে পাক গুপ্তচর সংস্থার দীর্ঘদিনের যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশের বিভিন্ন সংবেদনশীল তথ্য নিয়মিতভাবে ওই সংস্থাকে সরবরাহ করতেন।
কুলেন্দ্র শর্মার মোবাইল ফোন এবং ল্যাপটপ পরীক্ষা করে বেশ কিছু ‘সন্দেহজনক তথ্য’ উদ্ধার করা হয়েছে। যদিও কিছু গুরুত্বপূর্ণ তথ্য অভিযুক্ত ব্যক্তি আগেভাগেই মুছে ফেলেছেন বলে সন্দেহ করছে পুলিশ। আসামের শোণিতপুরের অতিরিক্ত পুলিশ সুপার হরিচরণ ভূমিজ সংবাদমাধ্যমকে বলেন, “ধৃতের সঙ্গে পাকিস্তানের সন্দেহজনক যোগ থাকার প্রবল সম্ভাবনা আছে। তবে পূর্ণাঙ্গ তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।”
জানা গেছে, কুলেন্দ্র শর্মা ২০০২ সালে তেজপুরের বিমান বাহিনী স্টেশন থেকে জুনিয়র ওয়ারেন্ট অফিসার পদ থেকে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর তিনি কিছুকাল তেজপুর বিশ্ববিদ্যালয়েও কাজ করেছেন। পুলিশ তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা দায়ের করেছে এবং শনিবার তাঁকে আদালতে পেশ করা হচ্ছে।







