ক্রাইম

৬ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় বাড়ি থেকে তাড়ানো, ১৮ বছর পর স্বামীর কোপে মৃত্যু মহিলার

বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ। ছ’মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। দীর্ঘ ১৮ বছর পরও সেই নির্যাতনের অবসান হয়নি। শেষ পর্যন্ত স্বামীর হাতে খুন হতে হল এক মহিলাকে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রথতলা পদ্মপুকুর এলাকায়। ঘটনায় অভিযুক্ত স্বামী সঞ্জয় পালকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সঞ্জয় পালের আদি বাড়ি হাওড়ার মালিপাঁচঘড়া থানার লালবিহারী বোস লেনে। বর্তমানে তিনি লিলুয়া থানার কোনাবাজার এলাকায় থাকতেন। প্রায় ১৮ বছর আগে রথতলা পদ্মপুকুরের বাসিন্দা শিবানী দাসের সঙ্গে তাঁর বিয়ে হয়।

অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই শিবানীর উপর শ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিক অত্যাচার শুরু হয়। পরিবারের দাবি, ছ’মাসের অন্তঃসত্ত্বা থাকাকালীন তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর শিবানী বাপের বাড়িতে ফিরে আসেন। বর্তমানে তাঁদের ১৭ বছরের এক কন্যা সন্তান রয়েছে।

মৃতার পরিবারের অভিযোগ, বাপের বাড়িতে থাকার পরও শিবানীকে লাগাতার হুমকি দিতেন সঞ্জয়। প্রায়শই তাঁর কাছ থেকে টাকা দাবি করা হত। টাকা না দিলে খুনের হুমকিও দেওয়া হত বলে অভিযোগ। মাঝেমধ্যেই বর্ধমানে এসে শিবানীর উপর মানসিক নির্যাতন চালাতেন তিনি।

সোমবার বিকেলে শ্বশুরবাড়িতে যান সঞ্জয়। সেই সময় বাড়িতে একাই ছিলেন শিবানী। অভিযোগ, সুযোগ বুঝে ধারালো রামদা দিয়ে তাঁকে কোপান সঞ্জয়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর মৃতার দাদা গৌতম দাস বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রথতলা বাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাঁকে বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে ছ’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.