কলকাতার হরিশ মুখার্জি রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তৃণমূল কংগ্রেসের চারটি দলীয় অ্যাকাউন্ট ফ্রিজ করার পুলিশি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেয় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল নেতৃত্ব। কিন্তু মামলার শুনানিতে দলকে নতুন কোনও অন্তর্বর্তীকালীন সুরাহা দেয়নি আদালত। চারটি ব্যাঙ্কে থাকা মোট ৮০৩ কোটি টাকার অ্যাকাউন্ট থেকে ফের আর্থিক লেনদেন চালুর যে আবেদন করা হয়েছিল, তা মঞ্জুর করেননি বিচারপতি সৌগত ভট্টাচার্য।
শুনানির সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, এর আগে একটি বেসরকারি ব্যাঙ্কে ফ্রিজ হয়ে থাকা অ্যাকাউন্টগুলি থেকে দৈনন্দিন দলীয় খরচ চালানোর জন্য বিশেষ ব্যবস্থা করতে স্পেশাল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পরবর্তীতে নিম্ন আদালতের সেই নির্দেশে অনুমোদন দিয়েছিল সুপ্রিম কোর্টও। ফলে সংশ্লিষ্ট দল বা সংগঠনের প্রকৃত মালিকানা ও নিয়ন্ত্রণ কার হাতে, তা স্পষ্ট না হওয়া পর্যন্ত এই অ্যাকাউন্টগুলি পুনরায় চালু করার বিষয়ে নতুন কোনও নির্দেশ দেওয়া সম্ভব নয় বলে পর্যবেক্ষণ করেন বিচারপতি।
বিতর্কিত চারটি অ্যাকাউন্টের মালিকানা এবং আর্থিক লেনদেন নিয়ে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে লিখিত হলফনামা জমা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে আদালত। দুর্গাপুজোর ছুটির পর মামলাটির পরবর্তী শুনানি হবে। পাশাপাশি, এই আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্ত কতদূর এগিয়েছে, সে বিষয়ে রাজ্য পুলিশ ও প্রশাসনকে নতুন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট।
এদিকে, অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার সিদ্ধান্তের পক্ষে আদালতে যুক্তি দিয়েছে রাজ্য। রাজ্যের দাবি, বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের হওয়া একটি দুর্নীতির মামলার তদন্তের সময় ওই চারটি অ্যাকাউন্টে বিপুল পরিমাণ সন্দেহজনক আর্থিক লেনদেনের সন্ধান পাওয়া যায়। তদন্তকারীদের দাবি, একাধিক অভিযুক্ত ব্যক্তি ও সংস্থার কাছ থেকে এই অ্যাকাউন্টগুলিতে টাকা জমা পড়েছে।
রাজ্যের বক্তব্য অনুযায়ী, দেবরাজ চক্রবর্তী ধাপে ধাপে ১০ কোটি টাকা করে জমা দিয়েছেন। বিতর্কিত সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ থেকে প্রায় ৩০ কোটি টাকা এবং সুমিত রায়ের মাধ্যমে প্রায় ৭ কোটি টাকা জমা পড়েছে বলেও আদালতে জানানো হয়েছে। বিভিন্ন মামলায় অভিযুক্ত ব্যক্তি ও সংস্থার মাধ্যমে এত বিপুল অঙ্কের টাকা লেনদেনের কারণেই অ্যাকাউন্টগুলি বন্ধ রাখা হয়েছে বলে দাবি করেছে রাজ্য প্রশাসন।







