তামিল চলচ্চিত্রপ্রেমীদের জন্য সুখবর! দীর্ঘ তিন বছর পর ফের তামিলনাড়ুর সিনেমা হলে চালু হচ্ছে ভোর ৬টার শো। মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় সরকারের এই সিদ্ধান্তে ২০২৩ সালে জারি হওয়া সকালের প্রথম শো সংক্রান্ত বিধিনিষেধের অবসান ঘটল।
নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনও নতুন তামিল ছবি মুক্তির প্রথম সপ্তাহে, সপ্তাহান্তে এবং সরকারি ছুটির দিনে প্রতিদিন সর্বোচ্চ ছ’টি শো দেখানোর অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে ভোর ৬টা থেকেই সিনেমা দেখার সুযোগ পাবেন দর্শকরা।
চলচ্চিত্র শিল্পের বিভিন্ন সংগঠনের দীর্ঘদিনের আবেদনের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ করে দীপাবলিকে সামনে রেখে এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, উৎসবের মরশুমে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘সিন’ এবং ‘মুকুথি আম্মান ২’-এর মতো বড় বাজেটের ছবি। সরকারের এই পদক্ষেপে প্রেক্ষাগৃহ মালিক থেকে শুরু করে প্রযোজক ও দর্শক—সকলের মধ্যেই নতুন করে উৎসাহ তৈরি হয়েছে।







