‘রোয়াবি’ থেকে ‘দাদা’, বাঙালি তাঁকে সবই দিয়েছে। আবার বঞ্চনাও করেছে। তবুও বাংলার প্রতি তাঁর ভালোবাসা অটুট। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই নানা কথা অকপটে জানালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।
দীর্ঘ কেরিয়ারে বলিউড থেকে টলিউড, সর্বত্রই তাঁর অবাধ বিচরণ। সম্মান, স্বীকৃতি সবই পেয়েছেন। তবে মনের গভীরে জমে থাকা কিছু অভিমান যেন আজও তাঁকে তাড়িয়ে বেড়ায়। অ্যাকশন এরিয়া-১-এর চারতলার ফ্ল্যাটে বসে ‘মহাগুরু’ অকপটে জানালেন তাঁর কিছু ব্যক্তিগত অনুভূতির কথা।
রাজনীতির প্রসঙ্গে উঠে আসে প্রণব মুখোপাধ্যায়, সুভাষ চক্রবর্তী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর নাম। প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে তিনি বলেন, “ওঁর জন্য আমি রাজনৈতিক প্রচার করেছিলাম। উনি রাষ্ট্রপতি হলেন। তারপরেরটা থাক। না বলাই ভালো…”। সুভাষ চক্রবর্তীকে তিনি ‘দাদা, ভাই, প্রাণ’ বলে অভিহিত করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে মিঠুন বলেন, “যখন শুরু করেছিলেন একজন ফ্যান্টাস্টিক মহিলা ছিলেন, আগুয়ান ছিলেন। আমার মনে হয় ক্ষমতার লোভ ওঁকে গ্রাস করেছে, যা সব কাজ করছেন। হয়তো আমার কথা ওঁর খারাপ লাগবে। আমাকে আগে স্নেহ করতেন, এখন করেন না।”
তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাঁর অকুণ্ঠ প্রশংসা শোনা যায়। মিঠুন বলেন, “মহান মানুষ! দারুণ মানুষ! সবাই জানে আমার সঙ্গে ওঁর ব্যক্তিগত সম্পর্কের কথা। আমি যখন মেসেজ করি ওঁকে, তিন থেকে চার মিনিটের মধ্যে ও আমাকে জবাব দেন… উনি এই দেশের জন্য কিছু করতে চান। গরীবদের জন্য। আমি ওঁকে ভীষণ ভালোবাসি।”
বাংলার প্রতি তাঁর ভালোবাসার কথা জানিয়ে মিঠুন বলেন, “বাংলায় এখনও আমার নিজস্ব বাড়ি নেই! চেষ্টা করেছি, কিন্তু বারবার ঠকেছি।” তবুও এই রাজ্যের মানুষের জন্য তিনি জানপ্রাণ সঁপে দিতে চান।







