দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতা, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। নড়াইলে বিক্ষোভ মিছিল শেষে বাড়ি ফেরার পথে হামলায় দুই বিএনপি নেতা নিহত হয়েছেন। পুলিশের তথ্যমতে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে।
অন্যদিকে, গোপালগঞ্জে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে বিএনপি দলীয় সংসদ সদস্য ডা. কেএম বাবরের মালিকানাধীন একটি হাসপাতালে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া কাশিয়ানিতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থানা বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের অফিসে ভাঙচুর চালিয়েছে তারা।
এদিকে, নতুন করে হামলার আশঙ্কায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ছেড়ে চলে গেছেন সেখানে দায়িত্বরত পুলিশের বেশিরভাগ সদস্য।
এছাড়া, ঢাকার পল্লবী এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তবে কোনো যাত্রী না থাকায় হতাহতের খবর পাওয়া যায়নি। সহিংসতা ও নাশকতা রোধে ঢাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অন্তত ৭১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ এবং ২ কেজির বেশি গান পাউডার উদ্ধার করা হয়েছে।







