ভোটার কার্ড বা আধার কার্ডে নাম না থাকলে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা মিলবে না, এহেন ধারণা অনেকের মধ্যেই বিদ্যমান। এবার উক্ত বিষয়টি সম্পর্কে স্পষ্ট বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারও যদি এই দুটো পরিচয়পত্রে নাম না থাকে তাঁরাও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন। গতকাল অর্থাৎ বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠান থেকে এই কথা সাফ জানিয়েদিলেন মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যেই বাংলায় ১ কোটি ৬৯ লক্ষেরও অধিক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় মাসে মাসে ৫০০ টাকা থেকে ১০০০ টাকা করে পাচ্ছেন। সরকারি নিয়মে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে একজন ২৫ বছর থেকে ৬০ বছর বয়সী মহিলা যিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং সরকারি কর্মচারি নন তিনিই এই প্রকল্পের আর্থিক সুবিধা পাওয়ার যোগ্য। আধার কার্ড না থাকলেও রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা প্রাপকের তালিকায় নাম তোলা যাবে।
ভূমি রাজস্ব দফতরের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উবাচ, ‘ভোটার তালিকায়, আধার কার্ডে নাম না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার মিলবে না বলে ভুলভাল কথা ছড়াচ্ছে অনেকে। বাজে কথা। আমরা ওসব মানি না। যে আধার কার্ড করাবে, করাতে পারে। দুয়ারে সরকার চলছে। ওতে একটি প্রভিশন আছে। ভোটার, আধার না করালে লক্ষ্মীর ভাণ্ডার পাবে না বাংলা থেকে এমন কখনও বলা হবে না।’







