এশিয়ান গেমস 2022 এ রেকর্ড গড়ে সোনা জেতা অবিনাশ সাবল এবার প্যারিস অলিম্পিকে ইতিহাস গড়লেন। গত বছরে এশিয়ান গেমসের ফর্ম তিনি অলিম্পিকেও ধরে রাখলেন। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে উঠেছেন তিনি। সোমবার ট্র্যাকে নেমেই নিজের দক্ষতা প্রদর্শন করে ক্রীড়াজগতে আলোড়ন সৃষ্টি করেন।
৩০০০ মিটার স্টিপলচেজের দ্বিতীয় হিটে অংশ নেন অবিনাশ। দৌড় শুরু হতেই তিনি দুর্দান্ত গতিতে এগিয়ে যান। প্রথম চারটি ল্যাপে প্রতিপক্ষদের তুলনায় অনেকখানি এগিয়ে ছিলেন তিনি। তবে শেষের দিকে তার গতি কিছুটা কমে আসে এবং পঞ্চম ল্যাপে তিনি তৃতীয় স্থানে চলে যান।
তবুও, অবিনাশ হাল ছাড়েননি। শেষ ল্যাপের আগেই আবারও গতি বাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে আসেন। তবে ফাইনালের আগে শক্তি সঞ্চয় করতে গতি নিয়ন্ত্রণে রাখেন এবং শেষ পর্যন্ত পঞ্চম স্থানে থেকে হিট শেষ করেন। তার সময় ছিল ৮ মিনিট ১৫.৪৩ সেকেন্ড।
গত বছরের এশিয়ান গেমসে ৮:১৯.৫৩ সেকেন্ডে সোনা জেতা অবিনাশ এবার অলিম্পিকের হিটেই তার থেকে অনেক কম সময়ে দৌড়েছেন। এই পারফরম্যান্সে তার অলিম্পিকে পদক জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।
অবিনাশের এই অসাধারণ পারফরম্যান্সে ভারতের অ্যাথলেটিক্সে পদকের খরা কাটার আশা জাগিয়েছে। ৮ আগস্ট ফাইনালে পদকের লড়াইয়ে নামবেন অবিনাশ, যা নিয়ে ভারতের ক্রীড়া প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।







