নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা জানিয়েছেন, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, তবে ভারত-পাকিস্তান ম্যাচের আবেগ ভিন্ন। বিশ্বকাপের মঞ্চে দুই দেশের খেলোয়াড়রা স্বাভাবিকভাবে একে অপরের সঙ্গে কথা বলেন, কিন্তু দুই দেশের ভক্তদের আবেগই এই প্রতিদ্বন্দ্বিতাকে অন্য মাত্রায় নিয়ে যায়।
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৩ অক্টোবর শুরু হতে চলা এই বিশ্বকাপ আসরে ভারতের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ অক্টোবর এবং পাকিস্তানের সঙ্গে মহারণ ৬ অক্টোবর। মন্ধানা বলেন, “প্রতিটি বিশ্বকাপ ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা ১০০ শতাংশ দিয়ে খেলব, বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমাদের কোন ভুল করার জায়গা নেই।”
পাকিস্তান ম্যাচ নিয়ে মন্ধানা আরও বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচের আবেগ দু’দেশের ভক্তদের জন্য বিশেষ কিছু। তবে আমাদের কাছে প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। তবে, এই ম্যাচে বাড়তি অনুভূতি থাকবেই।”
ভারতীয় দলের আগের পারফরম্যান্সের উল্লেখ করে তিনি বলেন, ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে পরাজয়ের পর ভারতীয় দল আর ফাইনালে উঠতে পারেনি। ২০২৩ সালে সেমিফাইনালে পাঁচ রানে অস্ট্রেলিয়ার কাছে হার মানতে হয়েছিল। তবে এবার নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত ভারতীয় দল।







