দীর্ঘ লুকোচুরি খেলার শেষ হলো অবশেষে। ধরা পরল বাঘিনি জিনাত। রবিবার বাঁকুড়া জেলার রানীবাঁধ থানার গোপালপুর বারুনিয়া গ্রাম সংলগ্ন এলাকাতে বন দফতরের হাতে খাঁচাবন্দী হয় জিনাত। গত সাতদিন ধরে বন দফতরকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিল এই বাঘিনী। শনিবার রাতে জঙ্গলে জাল টাঙিয়ে এবং আগুন জ্বেলে বাঘিনী কে বাগে আনতে তৎপর হয় বনকর্মীরা। রবিবার বিকেল চারটে নাগাদ ফের জিনাতকে দেখতে পেয়ে গুলি ছোড়ে বনকর্মীরা। সেই গুলি লাগে জিনাতের গায়ে। তাতেই কাবু হয় সে। শনিবার সারারাত বাঘিনীর খোঁজে জঙ্গলে জাল টাঙিয়ে এবং আগুন জ্বেলে বনকর্মীরা রাত জাগে। কিন্তু তারপরেও তাকে ধরা সম্ভব হয়নি। শেষমেশ রবিবার বিকেলে বাঘিনীর দেখা পাওয়া মাত্র তাকে গুলি ছুঁড়ে কাবু করে খাঁচা বন্দি করে বনকর্মীরা।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গত ১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা আন্ধারি ভাগ্য প্রকল্প থেকে ৩ বছরের জিনাতকে ওড়িশার ময়ূর ভঞ্জ জেলার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয়েছিল। কয়েকদিনের ঘেরাটোপে রেখে পর্যবেক্ষণের পর রেডিও কলার গলায় পড়িয়ে ২৪ নভেম্বর তাকে সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর সেই জঙ্গল থেকে সে ঝাড়খণ্ডের দিকে হাটা দিয়েছিল। কয়েক দিন ঝাড়খণ্ডের জঙ্গলে ঘুরে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার অন্তর্গত কাটোচুয়া জঙ্গলে ঢুকে পড়েছিল সে। এরপর সেখান থেকে পুরুলিয়ার জঙ্গলে পৌঁছে গিয়েছিল বাঘিনী। শনিবার সকালে সেখান থেকে আস্তানা বদলে পৌঁছে গিয়েছিল গোঁসাইডিহি গ্রামে। একটি আস্ত ছাগল মেরে খেয়েছিল বাঘিনী। শনিবার ভোরে বাঘিনীর গর্জন শুনতে পেয়েছিল গোঁসাইডিহি গ্রামের গ্রামবাসীরা। বাঘিনীর গলায় থাকা রেডিও কলারের সিগন্যাল অনুসরণ করে বন দপ্তরে কর্মীরা সেখানে পৌঁছেছিল।
এরপর বনদপ্তর জানতে পেরেছিল ওই গ্রামের অদূরে মুকুটমনিপুর জলধারা লাগোয়া ছোট জঙ্গলে আশ্রয় নিয়েছে বাঘিনী। গোটা জঙ্গল ঘিরে ফেলা হয়েছিল নাইলন দড়ি দিয়ে। গ্রামবাসীদের ওপর বাঘিনীর হামলা ঠেকাতে রাস্তা ও জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। জঙ্গলে একাধিক খাঁচা পাতার পাশাপাশি দুটি মহিষকে টোপ হিসেবে রাখা হয়েছিল। গত কয়েকদিন ধরে এ রাজ্যের জঙ্গল থেকে অন্য রাজ্যের জঙ্গলে আস্তানা বারে বারে বদলে নাকে দড়ি দিয়ে বন দফতরকে ঘোরানোর পর ঘুম পাড়ানি গুলিতে রবিবার বিকেলে কাবু হল জিনাত।







