ইতিমধ্যেই একধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। ভোর থেকেই বাইরে শিরশিরানি ঠান্ডা হাওয়া বইছে। দোলের আগে আবার ফিরেছে শীতের আমেজ। জানা যাচ্ছে আগামী ২৪ ঘণ্টায় আরও কমবে তাপমাত্রা। তবে তা হবে ক্ষণস্থায়ী। হাওয়া অফিস সূত্রে খবর, দোল যাত্রার পর থেকেই আবার বাড়বে তাপমাত্রা। উষ্ণতার পারদ চড়তেই বাড়বে গরম। তবে আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গে। আবহাওয়া শুকনো থাকায় আপাতত বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে দিনের বেলায় গরমের দাপট বাড়লেও বিকাল গড়াতেই ফিরবে অত্যন্ত মনোরম আবহাওয়া। যা বজায় থাকবে ভোররাত অবধি।
হাওয়া অফিসের পূর্বাভাস আগামী ৯ই মার্চ রবিবার আসবে আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা। এছাড়াও আসামে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমেছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমতে পারে আরও।
শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের চার জেলায়। জানা যাচ্ছে, বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার। দার্জিলিং ও কালিম্পং জেলার সাথেই বৃষ্টিতে ভিজতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাও। তবে আগামী চার পাঁচদিনে বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই খবর।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ২৮ শতাংশ।







