পহেলগাওঁ এর নৃশংস জঙ্গি হামলায় ২৬ জন নিরপরাধ মানুষের মৃত্যুর শোক এখনও দেশবাসীর মনে দগদগে। এই পরিস্থিতিতে অভিনেত্রী করিনা কাপুর খানের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে।
গত ২২ এপ্রিল পহেলগাওঁ এর বাইসারান তৃণভূমিতে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। এই ঘটনার পর করিনা কাপুর খান সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছিলেন। কিন্তু, এর কয়েকদিন পরেই, ২৭ এপ্রিল তাঁকে মুম্বাই বিমানবন্দরে দুবাই যাওয়ার পথে দেখা যায়। সেখানে তিনি তাঁর দীর্ঘদিনের বন্ধু এবং ডিজাইনার ফারাজ মানানের সঙ্গে সাক্ষাৎ করেন। ফারাজ মানান একজন পাকিস্তানি ডিজাইনার।
দুবাইতে করিনা এবং ফারাজের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয়। নেটিজেনদের একাংশ মনে করেন, পহেলগাওঁ ঘটনার পর করিনার এই আচরণ সংবেদনশীলতার অভাব দেখায়। অনেকেই মন্তব্য করেন, “দেশপ্রেম বলে কিছু নেই”, “টাকা আর খ্যাতিই সব”, “এমন মানুষের কাছ থেকে আর কী আশা করা যায়?”।
তবে, করিনা এবং ফারাজের বন্ধুত্ব বহু পুরনো। ফারাজ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, করিনার বোন কারিশমা কাপুরের সঙ্গে কাজ করার সূত্রে করিনার সঙ্গে তাঁর আলাপ। তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুদিনের। কিন্তু পহেলগাওঁ ঘটনার পর, এই বন্ধুত্বকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বিতর্ক।







