আদিবাসী সম্প্রদায় নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পর অবশেষে মুখ খুললেন অভিনেতা। শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি বিবৃতি জারি করে বিজয় তাঁর ‘আন্তরিক দুঃখ’ প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট জানান, কোনও বিশেষ সম্প্রদায়কে আঘাত বা নিশানা করার তাঁর কোনও উদ্দেশ্য ছিল না।
বিজয় জানিয়েছেন, তিনি উপজাতিদের ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখেন।
অভিনেতা লেখেন, “আমার নজরে এসেছে যে রেট্রো-র অডিও লঞ্চ অনুষ্ঠানে আমার করা একটি মন্তব্য কিছু মানুষের উদ্বেগের কারণ হয়েছে। আমি আন্তরিকভাবে স্পষ্ট করতে চাই, কোনও সম্প্রদায়কে, বিশেষ করে আমাদের তফসিলি উপজাতিদের আঘাত বা নিশানা করার আমার কোনও উদ্দেশ্য ছিল না, তাদের আমি গভীরভাবে সম্মান করি এবং আমার দেশের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করি।”
ওই অনুষ্ঠানে ভারতীয়দের মধ্যে ঐক্যের কথা বলছিলেন বিজয়। তিনি আরও লেখেন, “আমি ঐক্য নিয়ে কথা বলছিলাম – ভারত এক, আমাদের মানুষ এক, এবং আমাদের কীভাবে একসঙ্গে এগিয়ে যেতে হবে সেই বিষয়ে। কোন যুক্তিতে আমি, যখন আমাদের একটি দেশ হিসেবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি, তখন ইচ্ছাকৃতভাবে কোনও ভারতীয় গোষ্ঠীর প্রতি বৈষম্য করব – যাঁদের সকলকে আমি আমার পরিবারের মতো, আমার ভাইদের মতো দেখি?”
‘উপজাতি’ শব্দটি তিনি কী অর্থে ব্যবহার করেছিলেন, তাও ব্যাখ্যা করেছেন বিজয়। অভিনেতা জানান, তিনি ঐতিহাসিক এবং অভিধানিক অর্থে ‘উপজাতি’ শব্দটি ব্যবহার করেছিলেন – বহু শতাব্দী আগে যখন বিশ্বব্যাপী মানব সমাজ উপজাতি ও গোষ্ঠীতে বিভক্ত ছিল এবং প্রায়শই তাদের মধ্যে সংঘাত লেগে থাকত। তিনি স্পষ্ট করেন, ঔপনিবেশিক ও উত্তর-ঔপনিবেশিক ভারতে চালু হওয়া এবং বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাওয়া তফসিলি উপজাতি শ্রেণীবিভাগের কথা তিনি বোঝাননি।







