ফাস্ট ফুডের নামে গাঁজার রমরমা ব্যবসা! উত্তর ২৪ পরগনার ঘোলার লেলিনগড় এলাকায় রীতিমতো সিনেমার কায়দায় ফাঁস হল এক চাঞ্চল্যকর ঘটনা। তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের ঠিক পাশেই গড়ে উঠেছিল এক ফাস্ট ফুড সেন্টার— যেখানে বিক্রি হতো রোল, চাউমিন, মোমো সহ আরও অনেক কিছু। কিন্তু দোকানের আড়ালে চলছিল ভয়ঙ্কর এক কারবার— গাঁজার অবৈধ বেচাকেনা!
গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে সাদা পোশাকে ওই দোকানে যান ঘোলা থানার অফিসার ইনচার্জ কৌশিক দাস। পরিস্থিতি বুঝেই তিনি বিষয়টি জানান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার তনয় চট্টোপাধ্যায়কে। এরপরই সাজানো হয় অভিযান।
অ্যাডিসি তনয় চট্টোপাধ্যায় এবং আইসি কৌশিক দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হানা দেয় সেই ফাস্ট ফুড সেন্টারে। তখনই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। দোকান থেকে উদ্ধার হয় প্রায় ১০.৫ কেজি গাঁজা। ঘটনাস্থল থেকেই গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করা হয় তিন অভিযুক্ত— বিশ্বজিৎ বিশ্বাস, হিরণ হালদার ও শুভেন্দু হালদারকে।
তিনজনকে গ্রেফতার করে রাখা হয়েছে ঘোলা থানায়। খুব শীঘ্রই তাদের তোলা হবে ব্যারাকপুর আদালতে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চাওয়া হতে পারে।
ঘোলা অঞ্চলের শান্ত পরিবেশে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীদের একাংশের প্রশ্ন— ঠিক দলের পার্টি অফিসের পাশেই কীভাবে এত বড় কারবার চলছিল এতদিন? তদন্ত শুরু করেছে পুলিশ। এখন দেখার, এই চক্রের পেছনে আর কারা জড়িত!







