নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই কলকাতা থেকে কালীগঞ্জে পৌঁছালেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী আলিফা আহমেদ। দলীয় সিদ্ধান্ত ঘোষণার পর মুহূর্তেই তার এই উপস্থিতি কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।
প্রথমেই ধুবুলিয়ায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে রাজ্যের মন্ত্রী ও কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক উজ্জ্বল বিশ্বাসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি। এরপর কালীগঞ্জে প্রবেশ করতেই তাঁকে ফুল-মাল্য ও পুষ্পস্তবক দিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। কর্মী-সমর্থক ও স্থানীয় নেতাদের উৎসাহে আপ্লুত আলিফা জানান, দলীয় নেতৃত্ব যেভাবে নির্দেশ দেবে, ঠিক সেভাবেই প্রচারে ঝাঁপাবেন তিনি।
তাঁর লক্ষ্য শুধু আসনটি ধরে রাখা নয়, বরং আগের নির্বাচনে যে ভোটের ব্যবধান ছিল, তা ছাড়িয়ে যাওয়া। আলিফা আরও জানান, এই উপনির্বাচনে তিনি তাঁর বাবা, প্রয়াত নাসিরুদ্দিন আহমেদের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চান। মানুষের আশীর্বাদ ও ভালোবাসা নিয়েই তিনি রেকর্ড ভোটে জয়ী হতে আশাবাদী।
তৃণমূল সূত্রে খবর, আগামিকাল থেকেই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে প্রচার শুরু করবেন আলিফা। ইতিমধ্যেই বিভিন্ন ব্লকের দলীয় কর্মী-সমর্থক এবং নেতৃত্ব সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানিয়ে তার পাশে থাকার বার্তা দিয়েছেন। উপনির্বাচনকে কেন্দ্র করে কালীগঞ্জে এখন ফের চাঙ্গা রাজনৈতিক আবহ।







