মহারাষ্ট্রের পুনে জেলার কুন্দমালে এলাকায় ইন্দ্রায়ণী নদীর উপর একটি পুরনো লোহার সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। রবিবার ছুটির বিকেলে পর্যটকে ঠাসা সেতুর ওপর ছিল শতাধিক মানুষ। আচমকাই সেতুটি ভেঙে পড়ে যাওয়ায় বহু মানুষ নদীতে পড়ে যান। এখনো পর্যন্ত এক জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। নদীতে অন্তত ৩০ জন তলিয়ে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার সময় ছিল বিকেল সাড়ে তিনটে। কুন্দমালের জনপ্রিয় পর্যটন কেন্দ্রে ছুটির দিনে ভিড় ছিল চরমে। বহু মানুষ ছিলেন ওই লোহার তৈরি সেতুর ওপর। হঠাৎ ভেঙে পড়ে যায় বহু পুরনো সেই সেতুটি। নদীর জলে পড়ে যান অনেকেই। উপস্থিত লোকজনের চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। শুরু হয় উদ্ধার তৎপরতা।
মাভালের বিধায়ক সুনীল শেলকে জানিয়েছেন, ইন্দ্রায়ণী নদীর উপরে ওই লোহার সেতুটি প্রায় ৩০ বছরের পুরনো। বহু দিন ধরেই রক্ষণাবেক্ষণের অভাবে ছিল সেতুটি। ঘটনার সময় সেখানে প্রায় ১০০ জনের মতো মানুষ ছিলেন বলে অনুমান। অনেকেই নিজে থেকেই তীরে ফিরতে পেরেছেন, তবে বহু মানুষ এখনও নিখোঁজ।
তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় তালেগাঁও দাভাদে থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। এনডিআরএফ-এর দুটি বিশেষ দল দ্রুত মোতায়েন করা হয়েছে। চলছে উদ্ধার অভিযান। নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
দর্শনীয় স্থান হওয়ায় ছুটির দিনে এখানে বহু মানুষ আসেন পরিবার নিয়ে। সেই আনন্দের মুহূর্ত হঠাৎই রূপ নেয় বিভীষিকায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর মিলেছে, বহু মানুষ আহত, বেশ কয়েকজনের খোঁজ মেলেনি।
সেতু দুর্ঘটনার এই ভয়াবহ ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটি জরাজীর্ণ অবস্থায় ছিল, তবু কর্তৃপক্ষ তা সংস্কার করেনি। প্রশাসনের গাফিলতির জেরে আজ এই মর্মান্তিক পরিস্থিতি বলে অভিযোগ উঠছে।
বর্তমানে এলাকা ঘিরে রাখা হয়েছে, উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। নিখোঁজদের খোঁজে জারি তল্লাশি। পরিস্থিতির ওপর কড়া নজর রেখেছে প্রশাসন।







