রাজ্য

মৃত্যু মিছিল ঘিরে বিস্ফোরক মমতা, কেন্দ্রকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর

সারা দেশজুড়ে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা। রেল হোক কিংবা সড়ক, বিমান হোক কিংবা হেলিকপ্টার—প্রতিদিন প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে এবার কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা চত্বরে দাঁড়িয়ে তিনি বলেন, “সত্যি কথা শুনতে সাহস নেই কেন্দ্রের। চারিদিকে শুধু মৃত্যু মিছিল। মানুষকে নিরাপত্তা দিতে পারছে না সরকার।”

তাঁর অভিযোগ, দেশের নানা প্রান্তে ঘটছে দুর্ঘটনা, কিন্তু সেগুলোর কোনও কার্যকরী সমাধান করছে না কেন্দ্র। মুখ্যমন্ত্রীদের বারবার আবেদন সত্ত্বেও কেন্দ্রের তরফে প্রতিক্রিয়া আসছে না বলেই ক্ষোভ উগরে দেন তিনি। মমতা বলেন, “আমরা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি, কিন্তু বলে রাখা হচ্ছে—দেখছি, দেখব। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।”

বঞ্চনার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আজ ভারতের চেহারাই বদলে গিয়েছে। চারদিকে শুধু আতঙ্ক আর অস্থিরতা। লজ্জা করে না ওদের? প্রতিদিন কত মানুষ প্রাণ হারাচ্ছেন। এত বড় বড় কথা বলেন, অথচ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না!”

সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারের ‘নির্বিকার ভূমিকা’ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, “চোরেদের সরকার চলছে দিল্লিতে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আর সেই কারণেই প্রতিদিন আমরা শুনছি কারও না কারও মৃত্যুর খবর।”

মমতার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য। বিরোধীরা কেন্দ্রের ব্যর্থতা নিয়ে আরও সরব হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.