কে বলেছিল বরুণ চক্রবর্তী শুধুই ‘রহস্য স্পিনার’? এবার ব্যাট হাতেও তিনি প্রমাণ করে দিলেন, ক্রিকেট মাঠে ‘অপ্রত্যাশিত’ বলতে কিছু নেই। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে সালেম স্পার্টান্সের বিরুদ্ধে টানটান ম্যাচে শেষ ওভারে ৮ রান দরকার ছিল দিন্দিগুল ড্র্যাগন্সের। সেখানেই ইতিহাস গড়লেন বরুণ। শেষ দু’বলে ছক্কা ও চার মেরে দলকে জিতিয়ে মাঠ কাঁপালেন। আর এই জয় দেখে আবেগ সামলাতে না পেরে কেঁদে ফেললেন অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সালেম তোলে ১৮৮ রান। জবাবে দিন্দিগুলের শুরুটা ছিল দুর্দান্ত। অশ্বিন নিজেই ওপেন করতে নেমে ১৪ বলে ৩৫ রান করে ভিত গড়ে দেন। মাত্র ৩.২ ওভারে দল তুলে নেয় ৫০ রান। কিন্তু মিডল অর্ডারের ধস, রান চাপ, এবং বোলারদের নিয়ন্ত্রিত লাইন-লেংথ ম্যাচটিকে করে তোলে রুদ্ধশ্বাস। শেষ ওভারে এম পইয়ামোঝির প্রথম চার বলে এল মাত্র ৩ রান, পড়ে গেল একটি উইকেটও।
ঠিক তখনই বরুণের মহাকাব্যিক ইনিংস। পঞ্চম বলটি ছিল নো, ফ্রি হিটে ছক্কা মারেন তিনি লং অনের উপর দিয়ে। শেষ বলে দরকার ছিল ১ রান। বুদ্ধি খাটিয়ে মিড অফের উপর দিয়ে তুলে মারেন বরুণ—বাউন্ডারি! জয় নিশ্চিত হতেই সতীর্থরা মাঠে ছুটে আসেন, উদযাপন শুরু হয়। কিন্তু ডাগ আউটে বসে থাকা অশ্বিন আবেগে ভেসে যান। মুখ ঢেকে ফেলেন হাতে, চোখে জল।
এই ম্যাচে স্পিনারদের ব্যাটে জয়ের গল্প শুধু রোমাঞ্চকর নয়, ক্রিকেটের চিরাচরিত ভাবনাকেই প্রশ্ন করে। বরুণ বুঝিয়ে দিলেন, ক্রিকেটে কোনও ভূমিকা চিরস্থায়ী নয়।







