খেলাধুলা

ইংল্যান্ডে জোড়া শতকের পরেই সুখবর পেলেন পন্থ, নিলামে পেতে পারেন চড়া দাম

ইংল্যান্ডের মাটিতে টেস্টে দুরন্ত শতরানের পর এবার ঘরোয়া মঞ্চেও উত্তেজনার পারদ চড়াতে তৈরি ঋষভ পন্থ। চলতি ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ়ে ব্যস্ত থাকলেও এর মধ্যেই দিল্লি প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর নিলামে নাম নথিভুক্ত করেছেন ভারতীয় সহ-অধিনায়ক। আগামী ৬ জুলাই পুরুষ ক্রিকেটারদের নিলাম, যার মূল কেন্দ্রে থাকছেন লখনউ সুপার জায়ান্টসের ২৬ কোটির এই উইকেটরক্ষক ব্যাটার।

গত বছর ডিপিএলে খেলেননি পন্থ। তবে এ বার তাঁকে ঘিরেই তৈরি হচ্ছে বাড়তি কৌতূহল। আইপিএলের নিলামে যেখানে তাঁকে রেকর্ড দামে দলে নিয়েছিল লখনউ, সেখান থেকে সোজা দিল্লির লিগে ফেরায় উত্তেজনা চোখে পড়ার মতো। আইপিএলের অভিজ্ঞতা সম্পন্ন ১০ জন ক্রিকেটার রয়েছেন এই নিলামে। তাদের মধ্যে পন্থ ছাড়াও আছেন ইশান্ত শর্মা, আয়ুষ বাদোনি, অনুজ রাওয়াত ও সুযশ শর্মার মতো পরিচিত মুখ। ফলে এবারের ডিপিএল আরও প্রতিযোগিতামূলক হওয়ার সম্ভাবনা।

ডিডিসিএ সভাপতি রোহন জেটলি জানিয়েছেন, ৬ ও ৭ জুলাই হবে নিলাম। প্রথম দিন পুরুষদের ও পরের দিন মহিলা ক্রিকেটারদের। এবার দলের সংখ্যা ছয় থেকে বেড়ে হচ্ছে আট। ফলে আরও বেশি ক্রিকেটার অংশ নিতে পারবেন।

নিলামের পরে সূচি প্রকাশ করা হবে এবং জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে অরুণ জেটলি স্টেডিয়ামে। ইংল্যান্ডে দু’টি শতরান করে যিনি জাতীয় দলের আশার আলো হয়ে উঠেছেন, সেই পন্থ এবার দিল্লির মাঠেও ঝড় তুলবেন, এই আশাতেই বুক বাঁধছেন দিল্লির ক্রিকেটপ্রেমীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.