জেলারাজনীতিরাজ্য

বনধের দিনে উত্তপ্ত বংশীহারী, সিপিএম নেতাকে প্রকাশ্যে চড় মারলেন পুলিশ অফিসার, বিক্ষোভে বামফ্রন্ট

বুধবার সকালে দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে ঘটে গেল উত্তেজনাকর এক ঘটনা। ভারত বনধের সমর্থনে পথ অবরোধ করছিলেন বাম নেতা মাজেদার রহমান। অভিযোগ, তখনই বংশীহারী থানার ইনচার্জ অসীম গোপ প্রকাশ্যেই তাঁকে চড় মারেন। শুধু তাই নয়, ওই সিপিএম নেতাকে পরে গ্রেফতারও করা হয়। ঘটনার ভিডিও এবং বয়ান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সিপিএম।

সারা দেশের মতো এদিন রাজ্যজুড়েও বনধের ডাক দিয়েছিল ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। সেই সূত্রেই বংশীহারীতে রাস্তায় নামেন বাম কর্মী-সমর্থকরা। জানা গেছে, পিকেটিং চলাকালীন পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে বচসা বাঁধে। তখনই আইসি অসীম গোপ জানান, পিকেটিং চলতে পারে, তবে কোনও গাড়ি আটকানো যাবে না। কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে শুরু হয় বাকবিতণ্ডা।

ঘটনার সময় সিপিএম নেতা মাজেদার রহমান আইসিকে বলেন, “সারাদিন আন্দোলন করব।” তার উত্তরে আইসি অসীম গোপ ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এক পর্যায়ে নিজেই ওই নেতাকে চড় মারেন বলে অভিযোগ। এরপর তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের ভূমিকার বিরোধিতা করে আন্দোলনকারীরা স্লোগান দেন, “পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো।”

বাম নেতৃত্ব জানিয়েছে, তাঁরা এই ঘটনার বিরুদ্ধে লিখিতভাবে এসডিপিও ও জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানাবেন। দাবি, অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের পক্ষ থেকে যদিও এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.