বাংলা ভাষায় কথা বলাই কি ‘অপরাধ’? হরিয়ানার গুরুগ্রামে সেই প্রশ্নই উঠে এল নতুন করে। ‘বাংলাদেশি’ সন্দেহে অন্তত ৩০ জন বাঙালি পরিযায়ী শ্রমিককে আটক করে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে রাজ্য-রাজনীতিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে হরিয়ানা সরকারের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দেন। প্রশাসনিক স্তরেও চাপ তৈরি হয়। অবশেষে বাধ্য হয়ে নতি শিকার করল হরিয়ানা প্রশাসন। শুরু হয়েছে শ্রমিকদের মুক্তির প্রক্রিয়া।
ইতিমধ্যেই মালদহের চাঁচল ও হরিশ্চন্দ্রপুরে ফিরেছেন ১৫ জন শ্রমিক। বাকি ১৫ জনেরও শীঘ্রই মুক্তি ও ঘরে ফেরার ব্যবস্থা করা হচ্ছে। তবে এই ঘটনার অভিঘাত থেকে এখনও বেরোতে পারেননি অনেকেই। পরিবার সূত্রে জানা গেছে, বহুদিন ধরে গুরুগ্রামের বিভিন্ন নির্মাণস্থলে কাজ করতেন ওই শ্রমিকেরা। তাদের হঠাৎ করে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে আটক করে নথি চাওয়ার ঘটনা সম্পূর্ণ বেআইনি ও অবমাননাকর বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
রাজনৈতিক মহলেও এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই বাংলা ভাষাভাষী মানুষদের নিশানা করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলার তৃণমূল নেতৃত্ব প্রতিবাদ মিছিলও শুরু করেছে। অন্যদিকে, বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী ঘটনাটিকে অকারণ রাজনৈতিক রঙ দিচ্ছেন। তবে ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেলেও মানসিকভাবে বিপর্যস্ত শ্রমিকরা। একাধিক শ্রমিকের পরিবার জানিয়েছে, কোনওরকম নথি যাচাই না করেই তাঁদের আটক করা হয়েছিল। শুধুমাত্র ভাষার ভিত্তিতে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা, দেশের ভেতরেই ভাষাভিত্তিক বিভেদের ছবি তুলে ধরছে বলে মনে করছেন সমাজবিদদের একাংশ।
এ প্রসঙ্গে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি জানিয়েছেন, ‘দেশে অনুপ্রবেশকারীদের কোনও জায়গা নেই। যা কিছু হয়েছে, দেশের নিরাপত্তার স্বার্থে।’ তবে সাইনির এই বক্তব্যের পরেও হরিয়ানা প্রশাসনের পদক্ষেপ অন্য ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। প্রশ্ন উঠছে, যদি তাঁরা সত্যিই অনুপ্রবেশকারী হতেন, তবে এত সহজে কেন মুক্তি? এই ঘটনা সামনে আসতেই রাজ্য-রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। তৃণমূলের দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলোতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই বাংলা ভাষাভাষীদের টার্গেট করা হচ্ছে। ‘বাংলা বললেই বাংলাদেশি? এ কোন যুক্তি?’







