কলকাতা: নতুন দল গঠনের হুঁশিয়ারি দিয়ে রাজনৈতিক জলঘোলা করা ডেবরার বিধায়ক হুমায়ুন কবীরের সঙ্গে সোমবার মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকের ঠিকানা—দলের ক্যামাক স্ট্রিট কার্যালয়। উত্তর দিনাজপুর, বহরমপুর এবং মুর্শিদাবাদের সাংগঠনিক নেতৃত্বদের সঙ্গে আলোচনার জন্য ইতিমধ্যেই ডাক গিয়েছে তিন জেলার দশ বিধায়কের কাছে। সেই তালিকায় রয়েছেন হুমায়ুনও।
তৃণমূল সূত্রে খবর, চলতি মাসের শুরু থেকেই রাজ্যের সাংগঠনিক জেলার নেতৃত্বদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন অভিষেক। এর আগে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও মালদহের নেতৃত্বদের সঙ্গে দুটি পর্বের আলোচনা হয়েছে। সোমবারের বৈঠকে উত্তর দিনাজপুরে চলমান গোষ্ঠীদ্বন্দ্ব, বহরমপুরে সংগঠন মজবুত করা এবং মুর্শিদাবাদের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশ দেওয়া হতে পারে।
হুমায়ুন কবীর আগেই ঘোষণা করেছিলেন— তিনি কোনও ‘মুর্শিদাবাদ-কেন্দ্রিক’ দল গড়বেন না, বরং মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর ও নদিয়ার অংশ নিয়ে নতুন রাজনৈতিক শক্তি গঠনের পরিকল্পনা রয়েছে। ১৫ অগস্টের মধ্যে সিদ্ধান্তের কথা বললেও, এদিন তিনি তা নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে যান। তাঁর বক্তব্য, “সর্বভারতীয় সাধারণ সম্পাদক দশদিন আগেই ডাক দিয়েছেন। আমি না-যাওয়ার প্রশ্নই নেই। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত।”
রাজনৈতিক মহলের প্রশ্ন— ১৫ অগস্টের আগে এই বৈঠক কি বিদ্রোহ মেটানোর কূটনৈতিক পদক্ষেপ? নাকি ‘বিদ্রোহী’ বিধায়কের ভবিষ্যৎ নিয়ে অন্য পরিকল্পনা রয়েছে দলের শীর্ষ নেতৃত্বের? উত্তর মিলবে সোমবারের বৈঠকের পরেই।







