এবার ড্রাইভিং লাইসেন্স নিয়ে এল নতুন নিয়ম। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের নির্দেশে আর শুধু লাইসেন্স থাকলেই চলবে না, সেটি লিঙ্ক করতে হবে আপনার মোবাইল নম্বর ও আধারের সঙ্গে। হঠাৎ এসএমএসে বার্তা আসছে, আবার অনেকেই খুঁজছেন—কীভাবে সম্পূর্ণ হবে এই প্রক্রিয়া? সরকারের দাবি, যাত্রী থেকে শুরু করে চালক—সবার সুবিধে নিশ্চিত করতেই এই পদক্ষেপ। উদ্দেশ্য একটাই—এক ক্লিকেই যেন পাওয়া যায় সরকারি পরিষেবা, আর গাড়ির মালিক থেকে ড্রাইভার—সবাই যেন থাকে সিস্টেমের আওতায়।
কিন্তু কীভাবে হবে এই সংযোগ? তার জন্য আপনাকে যেতে হবে parivahan.gov.in ওয়েবসাইটে। সেখানেই অপেক্ষা করছে দুটি অপশন। একটি গাড়ির সঙ্গে মোবাইল নম্বর আপডেট করার জন্য, আরেকটি ড্রাইভিং লাইসেন্সে নতুন নম্বর যোগ করতে। গাড়ির নম্বর, জন্মতারিখ, চ্যাসি ডিটেলস থেকে শুরু করে আধার অথেনটিকেশন—সব কিছু মিলিয়ে তৈরি হবে নিরাপদ প্রক্রিয়া। কিউ আর কোড স্ক্যান, ক্যাপচা কোড ভরাট আর ওটিপি দিয়ে ভেরিফিকেশন—এই কয়েক ধাপেই সম্পূর্ণ হবে কাজ। একবার মোবাইল নম্বর লিঙ্ক হয়ে গেলে আপনার ড্রাইভিং লাইসেন্স আর আলাদা কোনো কাগজপত্রের ওপর নির্ভরশীল থাকবে না। সরকার বলছে, ভবিষ্যতে ট্রাফিক সংক্রান্ত নোটিস, ইনস্যুরেন্স আপডেট বা যানবাহনের সরকারি পরিষেবা—সব কিছুই সরাসরি পৌঁছে যাবে আপনার ফোনে। নতুন এই নিয়মকে কেন্দ্র করে বাড়ছে আলোচনার ঝড়, আর অনেকেই ভাবছেন—এবার গাড়ি চালানো মানেই আরও স্মার্ট হয়ে ওঠা!







