রাস্তায় দুধ দোয়ানো থেকে শুরু করে জরুরি গাড়িকে রাস্তা না-ছাড়া এমন বহু ক্ষুদ্র ঘটনাকে আর ফৌজদারি অপরাধ ধরা হবে না। এগুলিকে শুধুমাত্র জরিমানার আওতায় আনতে লোকসভায় ‘জনবিশ্বাস (বিধি সংশোধনী) বিল, ২০২৫’ পেশ করল কেন্দ্র। বিলে মোট ১৬টি আইনের ৩৫৫টি ধারা সংশোধনের প্রস্তাব রয়েছে। এর মধ্যে ২৮৮টি ধারাকে অপরাধমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাকিগুলিতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন সহজ করার উদ্দেশ্যে পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে।
সরকারের যুক্তি, ছোটখাটো ঘটনায় মামলা দায়ের হলে বিচারব্যবস্থা অপ্রয়োজনীয়ভাবে চাপে পড়ে। বর্তমানে দেশের জেলা আদালতগুলিতে সাড়ে তিন কোটিরও বেশি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। তাই গুরুতর অপরাধের বিচারে গতি আনতেই এই উদ্যোগ।
নতুন আইনে প্রথমবার নিয়ম ভাঙলে অনেক ক্ষেত্রেই কেবল সতর্ক করা হবে। যেমন, ওজন মাপে গরমিল বা নির্দিষ্ট এলাকায় হর্ন বাজানোর ক্ষেত্রে প্রথমবার শুধু সাবধান করা হতে পারে, তবে পুনরাবৃত্তি ঘটলে জরিমানা বা শাস্তি হবে। জরুরি গাড়িকে রাস্তা না-ছাড়ার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। এর আগে ২০২৩ সালে কেন্দ্র জনবিশ্বাস আইন’-এর মাধ্যমে ৪২টি আইনের ১৮৩টি ধারাকে অপরাধমুক্ত করেছিল। এবার আরও বৃহৎ পরিসরে সংশোধন আনার উদ্যোগ নিল সরকার।







