ফ্ল্যাটের জানালা দিয়ে হাত বাড়িয়ে বাইরে ফেলা হচ্ছে ৫০০ টাকার নোটের বান্ডিল ! টাকার বান্ডিল গুলি ওপর থেকে পড়ে জমা হচ্ছে ফ্ল্যাট লাগোয়া একটি বাড়ির টিনের চালের ওপর ! ঘটনা ওড়িশার ভুবনেশ্বরের । শুক্রবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । সরকারি ইঞ্জিনিয়ার বৈকুণ্ঠনাথ ষড়ঙ্গী , তার বাড়িতে যে ভিজিলেন্স হানা দেবে, তার আঁচ তিনি পেয়ে গিয়েছিলেন আগেই । তাই ভিজিলেন্স আধিকারিকরা ফ্ল্যাটে পৌঁছাতেই তিনি ফ্ল্যাটের ভিতরে থাকা , ৫০০, ২০০ ও ১০০ টাকার নোটের বান্ডিল জানলা দিয়ে নিচে ফেলতে থাকেন ।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন , শুক্রবার সকালে হঠাৎই টিনের চালের ওপর কিছু পড়ার শব্দ শোনা যায় । শব্দ পেয়ে বাইরে আসতেই দেখা যায় , পাশের ৩ তলা ফ্ল্যাটের একটি জানলা থেকে একজন হাত বের করে নোটের বান্ডিল নীচে ফেলছে । এবং নোটের বান্ডিল টিনের চালের ওপর পড়াতেই আওয়াজ হচ্ছিল ।
কিন্তু এসবের পরেও ওই ইঞ্জিনিয়ার কোনো সুবিধা করতে পারেননি। তার ইচ্ছে ছিল পুরো টাকা টাই জানলা দিয়ে ফেলে দেওয়ার । কিন্তু পুরো টাকা জানলা দিয়ে ফেলার আগেই ভিজিল্যান্স আধিকারিকেরা পৌঁছে যান ইঞ্জিনিয়ারের ফ্ল্যাটে। শুরু হয় তল্লাশি । আর তারপরেই ইঞ্জিনিয়ারের ফ্ল্যাটের একটি ঘর থেকে উদ্ধার হয় থরে থরে সাজানো নোটের বান্ডিল ।
উল্লেখ্য , এই বিপুল পরিমাণ টাকা দেখে তদন্তকারীরা যখন স্তম্ভিত হয়ে গেছেন, তখন তাদের চোখে আসে , ফ্ল্যাটের একটি জানলার কাছেও ছড়িয়ে রয়েছে কিছু বান্ডিল। যা দেখে সন্দেহ বাড়ে আধিকারিকদের । তারপর জানলা দিয়ে আধিকারিকরা নীচের দিকে তাকাতেই চক্ষু চড়কগাছ । দেখেন পাশের বাড়ির টিনের চালের উপর একাধিক নোটের বান্ডিল পড়ে রয়েছে। তারপর সেই টাকাও উদ্ধার করা হয় ।
তদন্ত করতে আসা এক আধিকারিক জানান , ‘‘তল্লাশি অভিযানে যেতেই ইঞ্জিনিয়ার তাঁর বাড়ির জানলা দিয়ে রাস্তায় টাকা ফেলতে শুরু করেন। তাঁর বাড়ি থেকে আপাতত দু’কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে।’’







