মা ও মেয়ের এক নিবিড় সম্পর্কের গল্প নিয়ে আসছে নতুন ছবি ‘বেগনি রঙের আলো’। ছোট্টবেলার সবটুকু বুকের মধ্যে আগলে বড় হওয়া এক মায়ের গল্প এটি, যিনি তার সেই স্মৃতি আর অনুভব ছোট্ট মেয়ের হাতে তুলে দিতে চান। কিন্তু মেয়েটি কি শেষ পর্যন্ত মাকে চিনতে পারবে? মা কি তার শৈশবের রংটুকু মেয়ের মধ্যে সঞ্চারিত করতে পারবে? এই মনস্তাত্ত্বিক টানাপোড়েন নিয়েই বুনে তোলা হয়েছে ‘বেগনি রঙের আলো’-র চিত্রনাট্য।
পাশের মানুষরা হয়তো তাকে চিনতে পারেনি, কিংবা চিনতে চায়নি। শেষ ভরসা তার সন্তান – সেই সন্তানকে কি মা নিজের করে পাবে? এই প্রশ্নগুলোই ছবির মূল উপজীব্য।
‘পথচলতি গল্প’ প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি হচ্ছে ছবিটি। প্রযোজক বিশ্বরূপ চক্রবর্তী এই ছবির মাধ্যমে প্রথম প্রযোজনা এবং অভিনয়ের অভিজ্ঞতা লাভ করছেন। তিনি বলেন, “পরিচালক মানসী সিংহ এবং সহ-অভিনেতা সোহিনী সরকার, অর্পিতা ঘোষ ও চন্দন সেনের সঙ্গে কাজ করতে পেরে আমি আপ্লুত। এমন অসাধারণ একটি টিমের সঙ্গে কাজ করা আমার জন্য গর্বের।”
সহ-প্রযোজক পৌলমী রায় জানান, “মানসী সিংহের মতো একজন পরিচালকের সঙ্গে এবং এমন চমৎকার কলাকুশলীদের সঙ্গে কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ। চাই, এই কাজটি টিমওয়ার্কের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠুক।”
অভিনেত্রী সোহিনী সরকার গল্পের নামের প্রতি মুগ্ধতা প্রকাশ করে বলেন, “মিষ্টুদি (মানসী সিংহ)-র সঙ্গে কাজ করার কথা অনেকদিন ধরেই চলছিল, অবশেষে তা বাস্তব হলো। ‘বেগনি রঙের আলো’ – এমন ব্যতিক্রমী নাম সাধারণত সিনেমায় দেখা যায় না। নামটা যেমন সহজ-সরল, তেমনি গল্পটাও একদম নিখাদ, সাদামাটা – আর এই সরলতাই আমাকে আকর্ষণ করেছে।”
পরিচালক মানসী সিংহ টিমের সমন্বয় ও উদ্দীপনার প্রশংসা করে বলেন, “নতুন পরিচালক আর নতুন প্রযোজনা সংস্থার এই জুটি কাজের দিক থেকে দারুণ! তারা নিজেদের সেরাটা দিতে চায়, যা কাজ করার জন্য এক দারুণ অভিজ্ঞতা।”
ছবিতে গান করছেন প্রঞ্জল, সম্পাদনার দায়িত্বে সুজয়, চিত্রগ্রহণে সৌভিক। অভিনয়ে সোহিনী সরকার, চন্দন সেন, অর্পিতা ঘোষ, বিশ্বরূপ চক্রবর্তী, শুভম রায় সহ আরও অনেক নতুন মুখ। একঝাঁক প্রতিভাবান মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ‘বেগনি রঙের আলো’ দর্শকদের মন জয় করতে প্রস্তুত।







