বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কাজল ও অজয় দেবগণের কন্যা নাইসা দেবগণকে নিয়ে কৌতূহলের শেষ নেই। হামেশাই বিভিন্ন অনুষ্ঠানে কাজল-অজয়ের সঙ্গে দেখা যায় নাইসাকে, আর সেই সূত্রেই অনেকের মনে প্রশ্ন কবে বড়পর্দায় পা রাখবেন নাইসা? সম্প্রতি মুক্তি পেয়েছে কাজলের নতুন ছবি ‘মা’-র ট্রেলার। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজল ও অজয় দেবগণ। ট্রেলার লঞ্চের মঞ্চেই সাংবাদিকদের তরফ থেকে এই প্রশ্ন করা হয়।
এই প্রশ্নের উত্তরে অজয় দেবগণ স্পষ্টভাবে জানান,”আমরা নিজেরাও জানি না কবে নাইসা বড়পর্দায় আসবে। আপাতত তার কোনও পরিকল্পনা নেই অভিনয়ে আসার।” তিনি আরও বলেন, নাইসা নিজেও এখন বলিউডে আসতে চান না। যদিও বিভিন্ন ফিল্মি পার্টিতে তাকে দেখা যায়, তবে তিনি এখন অভিনয় নিয়ে কিছুই ভাবছেন না। এই প্রসঙ্গে কাজল বলেন,”আমার মনে হয়, নাইসা স্থির করে ফেলেছে যে ও এখনই বলিউডে পা রাখবে না।”
পাশাপাশি মা হিসেবে নাইসা-কে এক বিশেষ পরামর্শও দিয়েছেন কাজল। কাজল বলেন,”আমি ওকে বলব, কারও কথায় কান না দিতে। কেউ বলবে চুলের রঙ পাল্টাও, কেউ বলবে নাক বদলাও, কেউ আবার বলবে হাত বদলাও! কিন্তু ও যেন নিজের মন যেটা চায় সেটাই করে।” অর্থাৎ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন কাজল ও অজয় নাইসার বলিউডে অভিষেক এখনই হচ্ছে না। যেদিন সে নিজে সিদ্ধান্ত নেবে, সেদিনই সবাই তা জানতে পারবে। আপাতত পড়াশোনায় ও নিজের মত করে জীবন উপভোগ করতেই আগ্রহী নাইসা।







