ভারত সরকারের পক্ষ থেকে বঙ্গোপসাগরের প্রায় ৩৫৫০ কিলোমিটার এলাকাকে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করে একটি গুরুত্বপূর্ণ সামরিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এই পদক্ষেপ আন্তর্জাতিক নিরাপত্তা মহলে ব্যাপক জল্পনা তৈরি করেছে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের এই পদক্ষেপ একটি দূরপাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষার ইঙ্গিত দিচ্ছে। জানা গেছে, ভারত তার প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির অংশ হিসেবে, সম্ভবত ওড়িশার ডঃ এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে, অগ্নি সিরিজের কোনো নতুন ক্ষেপণাস্ত্র বা হাইপারসনিক ভেহিকেলের পরীক্ষা করতে পারে। আকাশ ও সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতেই ভারত এই বিজ্ঞপ্তি জারি করেছে।
ভিন্ন কারণে পাকিস্তানে অস্থিরতা
ভারতের সামরিক প্রস্তুতির ঘোষণার ঠিক পরপরই পাকিস্তানে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। পাকিস্তান সরকার ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির মতো গুরুত্বপূর্ণ শহরগুলিতে লকডাউন ঘোষণা করেছে, সেই সঙ্গে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও এই সিদ্ধান্তের জন্য পাকিস্তান সরকার সরাসরি ভারতের NOTAM কে দায়ী না করে, অভ্যন্তরীণ অস্থিরতার কথা বলছে। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, উগ্রপন্থী গোষ্ঠী তেহরিক-ই-লাব্বাইক গাজা চুক্তির বিরুদ্ধে মিছিল করার হুমকি দেওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এভাবে ভারতের সামরিক মহড়ার ঘোষণার সময় পাকিস্তানে চরম অস্থিরতা তৈরি হওয়ায়, ঘটনা দুটির মধ্যে যোগসূত্র থাকার একটি জল্পনাও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তৈরি হয়েছে।







