বিধাননগর পৌর নিগম এলাকায় দিনে-দুপুরে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ৩৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং বর্তমানে আইএনটিটিইউসি সভাপতি নির্মল দত্তকে ওয়ার্ড অফিসের সামনেই হামলার শিকার হন। সোমবার সকাল সাতটা নাগাদ নিজের অফিসের তালা খোলার সময় পিছন থেকে মাস্ক পরা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে বলে অভিযোগ।
নির্মল দত্ত সেই সময় কোনোরকমে দুষ্কৃতীর হাত ধরে ফেলেন। এর ফলে গুলি ব্যর্থ হলেও, দুষ্কৃতী বন্দুকের বাট দিয়ে তাঁর মাথায় সজোরে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় নির্মল দত্তকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্ত্রী আলো দত্ত বর্তমানে ওই ওয়ার্ডের কাউন্সিলর। আক্রান্ত নির্মল দত্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “জীবনটা চলে যেতে পারত। এলাকায় বেআইনি কাজ করতে দিই না বলেই কি আমি টার্গেট?” তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন, তৃণমূল স্তরের কর্মীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এই ঘটনার পর ওয়ার্ড অফিসের সামনে চাপ চাপ রক্তের দাগ পুলিশের তদন্তের ওপর চাপ বাড়িয়েছে। কেন এই হামলা ?ব্যক্তিগত প্রতিহিংসা, রাজনৈতিক আক্রোশ, নাকি বেআইনি কাজের প্রতিবাদ তা খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এই ভয়াবহ হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তার প্রশ্ন আরও তীব্র হয়েছে। উল্লেখ্য, এই ঘটনার কিছু দিন আগেই গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের একটি বিশেষ দল বিধাননগরে অভিযান চালিয়েছিল। গুজরাটের একটি অপরাধচক্রের চার সদস্য কলকাতায় আত্মগোপন করে আছে, এমন খবর পেয়ে শুরু হয় তল্লাশি। অভিযানে প্রথমে দু’জনকে আটক করা গেলেও, বাকি দু’জন পালিয়ে যায়। পরে তাদের মধ্যে একজন পূর্বাচল আবাসনের ক্লাস্টার ফোর-এর ছাদের কার্নিসে লুকিয়ে ছিল। পালিয়ে গিয়ে সে একটি সরকারি আবাসনে ঢুকে পড়লেও, নিরাপত্তারক্ষীদের তৎপরতায় অবশেষে বেঙ্গল টেনিস অ্যাকাডেমির কাছে তাকে পাকড়াও করা হয়। এই ধরনের দুষ্কৃতী কার্যকলাপের আবহে প্রাক্তন কাউন্সিলরের ওপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।







