কলকাতাস্বাস্থ্য

সায়েন্স সিটির কাছে চালু হল শম্পা বোস মেমোরিয়াল চ্যারিটেবল রেনাল কেয়ার সেন্টার, স্বল্প খরচে মিলবে কিডনি চিকিৎসা

কলকাতা ও সংলগ্ন এলাকার আর্থিকভাবে পিছিয়ে থাকা কিডনি রোগীদের জন্য বড় উদ্যোগ। সায়েন্স সিটির কাছে ‘দ্য কিডনি কেয়ার সোসাইটি’-র উদ্যোগে উদ্বোধন হল শম্পা বোস মেমোরিয়াল চ্যারিটেবল রেনাল কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার। স্বল্প খরচে আধুনিক কিডনি চিকিৎসা, ডায়ালিসিস এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই কেন্দ্রের মূল লক্ষ্য।

এই চিকিৎসাকেন্দ্র গড়ে উঠেছে প্রয়াত শিল্পপতি স্বপন সাধন (টুটু) বসুর মানবিক উদ্যোগকে বাস্তবায়িত করে। প্রয়াত স্ত্রী শম্পা বসুর স্মৃতিতে তিনি নিজের ভবনটি দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। দীর্ঘদিন ক্রনিক কিডনি ডিজিজে (CKD) ভোগার পর শম্পা বসুর মৃত্যু টুটু বসুকে গভীরভাবে নাড়া দিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই আর্থিক অনটনের কারণে যাতে কোনও রোগীর চিকিৎসা বন্ধ না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।

প্রাথমিকভাবে এখানে ১৮ শয্যার অত্যাধুনিক ডে-কেয়ার ডায়ালিসিস ইউনিট চালু হয়েছে। পাশাপাশি রয়েছে ক্রিটিক্যাল কেয়ার সাপোর্ট, আধুনিক ডায়াগনস্টিক ল্যাব, ফার্মেসি এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা। ভবিষ্যতে এটিকে ৫০ শয্যার পূর্ণাঙ্গ চ্যারিটেবল রেনাল হাসপাতালে পরিণত করার পরিকল্পনা রয়েছে। সেখানে বিশ্বমানের গবেষণাগার এবং সমন্বিত ওয়েলনেস পরিকাঠামোও গড়ে তোলা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে দ্য কিডনি কেয়ার সোসাইটির সভাপতি ডাঃ প্রতিম সেনগুপ্ত বলেন, আর্থিক অবস্থান নির্বিশেষে প্রত্যেক রোগীর সমান মানের চিকিৎসা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামী সুপর্ণানন্দ মহারাজ, লকেট চট্টোপাধ্যায়, তমোঘ্ন ঘোষ, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, মিঠু চক্রবর্তী, শিল্পপতি সৃঞ্জয় বসু, শৌমিক বসু, মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত-সহ সমাজ, চিকিৎসা ও ক্রীড়া জগতের বহু বিশিষ্ট ব্যক্তি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.