রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিল সরকার। দীর্ঘদিন শূন্য পড়ে থাকা সরকারি মনোনীত প্রতিনিধিদের পদে অবশেষে ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন সদস্যদের নাম ঘোষণা করল উচ্চশিক্ষা দফতর। তবে প্রকাশিত তালিকায় একটিও শিক্ষাবিদ বা অধ্যাপকের নাম না থাকায় শুরু হয়েছে নতুন বিতর্ক।
ক্ষমতায় আসার পরই বিজেপি সরকার আগের সরকারের মনোনীত প্রতিনিধিদের পদ ছাড়ার নির্দেশ দেয়। এরপর একে একে পদত্যাগ করেন মনোনীত সদস্যরা। ফলে বিশ্ববিদ্যালয়গুলির কর্মসমিতি ও কোর্টে সরকারি প্রতিনিধির অভাব দেখা দেয়। বহু গুরুত্বপূর্ণ বৈঠকও দীর্ঘদিন ধরে আটকে ছিল।
শুক্রবার প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে, সরকার মনোনীত প্রতিনিধিরা সকলেই আইএএস বা ডব্লিউবিসিএস স্তরের প্রশাসনিক আধিকারিক। যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী, কল্যাণী, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়সহ মোট ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য এই নিয়োগ করা হয়েছে। তবে তালিকায় জায়গা হয়নি কলকাতা বিশ্ববিদ্যালয়ের, যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
একাধিক বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব একই আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়েছে। যেমন, যুগ্ম সচিব অরিন্দম বিশ্বাসকে তিনটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, আবার যুগ্ম সচিব আজ়ার জিয়াকে দেওয়া হয়েছে দুটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব।
এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন শিক্ষক সংগঠনের একাংশ। তাঁদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে শিক্ষাবিদদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন প্রশাসক এবং একজন শিক্ষাবিদের দৃষ্টিভঙ্গি এক নয়। অতীতে দেশের বহু খ্যাতনামা শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব সামলেছেন বলেও তাঁদের দাবি।
অন্যদিকে সরকারের সমর্থক শিক্ষক সংগঠনগুলির দাবি, বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলিকে প্রশাসনিক অচলাবস্থা থেকে বের করে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয় নিশ্চিত করাই এর মূল লক্ষ্য বলে তাঁদের মত।
নতুন নির্দেশিকা অনুযায়ী, সরকারি প্রতিনিধিদের বিশ্ববিদ্যালয়ের বৈঠকে অংশ নেওয়ার আগে উচ্চশিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্যসচিব ও উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে। পাশাপাশি বৈঠকে আলোচিত বিষয়গুলির সংক্ষিপ্ত রিপোর্ট দ্রুত সরকারকে জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য এখনও কোনও প্রতিনিধি ঘোষণা না হওয়ায় উদ্বেগ বাড়ছে। শিক্ষক সংগঠনগুলির দাবি, সরকারি প্রতিনিধি না থাকায় সিন্ডিকেটের বৈঠক করা সম্ভব হচ্ছে না এবং বহু গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। তাই দ্রুত কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্যও প্রতিনিধি নিয়োগের দাবি তুলেছেন তাঁরা।







