রাজ্য

মিড ডে মিলে ইসকনের এন্ট্রি, রাঁধুনিদের ভবিষ্যৎ নিয়ে জল্পনায় ইতি! বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

বাংলার সরকারি স্কুলগুলিতে মিড ডে মিল ব্যবস্থায় বড় পরিবর্তন কার্যকর হল। শনিবার থেকে কলকাতার সরকারি স্কুলগুলিতে ‘অন্নামৃত ফাউন্ডেশন’-এর মাধ্যমে ইসকন রান্না করা খাবার পৌঁছে দেবে। এই সিদ্ধান্ত ঘিরে যখন রাজনৈতিক বিতর্ক এবং মিড ডে মিলের রাঁধুনিদের চাকরি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, তখনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন— একজন রাঁধুনিকেও চাকরি হারাতে হবে না।

সরকারের দাবি, এই উদ্যোগের মূল লক্ষ্য স্কুলপড়ুয়াদের আরও পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দেওয়া। শুভেন্দুর কথায়, অপুষ্টি দূর করতে এই প্রকল্প অত্যন্ত প্রয়োজনীয়। বিরোধীদের সমালোচনার জবাব দিয়ে তিনি বলেন, গণতন্ত্রে বিরোধিতা থাকতেই পারে, তবে অযথা বিভ্রান্তি ছড়ানো উচিত নয়।

রাঁধুনিদের উদ্দেশে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী জানান, তাঁদের কাউকেই কর্মচ্যুত করা হবে না। বরং দীর্ঘদিন ২ হাজার টাকা ভাতা পাওয়ার পর এবার আগস্ট মাস থেকেই তা বাড়িয়ে ৩ হাজার টাকা করা হচ্ছে। ভবিষ্যতে রাজ্যের আর্থিক অবস্থার উন্নতি হলে আরও ভালো সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

এছাড়াও মিড ডে মিলের মানোন্নয়নের উদাহরণ হিসেবে উত্তরপ্রদেশের স্কুলগুলির কথা তুলে ধরেন শুভেন্দু। সেখানে দুধ, ফলের রস, আপেল, পনির ও ডালের মতো পুষ্টিকর খাবার দেওয়া হয় বলে উল্লেখ করে তিনি বলেন, পশ্চিমবঙ্গেও ধাপে ধাপে সেই ধরনের উন্নত ব্যবস্থা গড়ে তোলা হবে।

এদিকে ইসকনের মেগা কিচেন থেকে অত্যাধুনিক ব্যবস্থায় রান্না করা খাবার ইলেকট্রিক গাড়িতে করে স্কুলে পৌঁছে দেওয়া হবে। প্রতিটি খাবারের কনটেনার সম্পূর্ণ সিল করা থাকবে। স্কুলে পৌঁছে কর্তৃপক্ষের উপস্থিতিতে ও স্বাক্ষরের পরই সেই সিল খোলা হবে, যাতে খাবারের গুণমান ও নিরাপত্তা বজায় থাকে।

নতুন এই ব্যবস্থার মাধ্যমে একদিকে যেমন পড়ুয়াদের উন্নত মানের খাবার দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, অন্যদিকে রাঁধুনিদের চাকরি অক্ষুণ্ণ রাখার আশ্বাস দিয়ে সরকার বিতর্কের ইতি টানার চেষ্টা করেছে। এখন নজর থাকবে, বাস্তবে এই নতুন মিড ডে মিল ব্যবস্থা কতটা সফল হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.