জেলা

তারাতলার পর ফের শিল্পাঞ্চলে দুর্ঘটনা, হলদিয়া পেট্রোকেমিক্যালে আগুনে জখম শ্রমিকরা

পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় অবস্থিত হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনে মঙ্গলবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভোর প্রায় ৪টে নাগাদ হলদিয়া-পাঁশকুড়া রেললাইনের ধারে থাকা পাইপলাইন থেকে আচমকাই আগুনের শিখা বেরিয়ে আসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাইপলাইন ফেটে যাওয়ার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে কর্মরত একাধিক শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হন। স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নামলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আরও কয়েকটি ইঞ্জিন মোতায়েন করা হয়।

আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের সঠিক সংখ্যা এবং তাঁদের বর্তমান অবস্থা সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

অগ্নিকাণ্ডের জেরে রেললাইনের একেবারে পাশের এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নিরাপত্তার স্বার্থে ওই রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। দমকল, কারখানা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থাগুলি যৌথভাবে ঘটনার কারণ খতিয়ে দেখছে।

উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগেই তারাতলায় নির্মীয়মাণ একটি গোডাউনের ছাদ ধসে বহু শ্রমিক হতাহত হওয়ার ঘটনা রাজ্যজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই হলদিয়ার এই অগ্নিকাণ্ড শিল্পাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.