দেশ

৭২ ঘণ্টার ‘আশ্বাস’, তারপরই নেপথ্যে অভিযান! নিট আন্দোলনে হুমকির অভিযোগে গ্রেফতার স্বতন্ত্র

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের হুমকি দেওয়ার অভিযোগে অবশেষে গ্রেফতার সমাজমাধ্যম প্রভাবী তথা স্বঘোষিত গোরক্ষক স্বতন্ত্র ভরদ্বাজ। উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে তাঁকে আটক করার পর শনিবার দিল্লি পুলিশ তাঁর গ্রেফতারির কথা আনুষ্ঠানিক ভাবে জানায়। পরে পটীয়ালা হাউস আদালতে তোলা হলে এক দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

অভিযোগ, যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র অবস্থান-বিক্ষোভ চলাকালীন সমাজমাধ্যমে আন্দোলনকারীদের উদ্দেশে প্রকাশ্যে হুমকিমূলক মন্তব্য করেছিলেন স্বতন্ত্র। প্রতিবাদকারী ছাত্রী নিশু আজাদের বাবা সঞ্জয় কুমারের উপর হামলা চালানো এবং তাঁর মাথার খুলি ফাটিয়ে দেওয়ার দাবিও তাঁকে করতে শোনা গিয়েছিল বলে অভিযোগ। পরে একটি পডকাস্টে স্বতন্ত্র নিজেই ওই হামলার প্রসঙ্গ তোলেন এবং দাবি করেন, ঘটনার পরেও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

এই ঘটনাকে কেন্দ্র করেই দিল্লিতে রাজনৈতিক চাপ বাড়তে শুরু করে। স্বতন্ত্রের গ্রেফতারির দাবিতে শুক্রবার পার্লামেন্ট স্ট্রিট থানা ঘেরাও করেন সিজেপি কর্মী-সমর্থকেরা। সেখানে কংগ্রেসের যুবনেতা তথা নির্দল সাংসদ পাপ্পু যাদব এবং আজ়াদ সমাজ পার্টির নেতা চন্দ্রশেখর আজ়াদও উপস্থিত ছিলেন।

বিক্ষোভের পর দিল্লি পুলিশের তরফে ৭২ ঘণ্টার মধ্যে পদক্ষেপের ‘আশ্বাস’ দেওয়া হয়েছিল বলে দাবি সিজেপি নেতৃত্বের। কিন্তু পুলিশ খোঁজ শুরু করতেই স্বতন্ত্রের আর সন্ধান মিলছিল না। পরে খবর আসে, মোটরবাইকে উত্তরপ্রদেশে চলে গিয়েছেন তিনি।

এরপর দিল্লি পুলিশের বিশেষ দল বুলন্দশহরে পৌঁছে তাঁকে আটক করে বলে পুলিশ সূত্রে খবর। সেখান থেকে দিল্লিতে এনে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে।

স্বতন্ত্রের সমাজমাধ্যমের বিভিন্ন পোস্ট এবং পডকাস্টের বক্তব্য নিয়েও এর আগে বিতর্ক তৈরি হয়েছিল। দিল্লি বিজেপির সহ-সভাপতি কপিল মিশ্রকে ‘বড়ভাই’ বলে উল্লেখ করার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের সঙ্গে নিজের ছবি-ভিডিয়োও প্রকাশ করেছিলেন তিনি। সেই সব পোস্ট সামনে আসার পরেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আরও জোরালো হয়।

এখন আদালতের নির্দেশে এক দিনের জেল হেফাজতে রয়েছেন স্বতন্ত্র। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.