সপ্তাহান্তে ফের ক্রিকেটপ্রেমীদের সামনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ লড়াই। মহিলা এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছে দুই দেশের দল। এই বহুল প্রতীক্ষিত ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উত্তেজনা। এক নজরে দেখে নেওয়া যাক ম্যাচের সময়, সম্প্রচার, আবহাওয়া এবং পিচ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।
ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ভারতীয় সময় রাত ৮টায় শুরু হবে খেলা। মহিলা এশিয়া কাপে দুই দলের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে।
ভারতীয় দর্শকদের জন্য আরও সুখবর, এশিয়া কাপ ২০২৬-এর ম্যাচগুলির সরাসরি সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস টেন ১ চ্যানেলে। পাশাপাশি সোনি স্পোর্টস টেন ৩ এবং সোনি স্পোর্টস টেন ৪-এও ম্যাচটি দেখা যাবে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যাচ চলাকালীন বৃষ্টির কোনও আশঙ্কা নেই। তবে দুবাইয়ে যথেষ্ট গরম পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৫০ থেকে ৬০ শতাংশের মধ্যে থাকতে পারে। খেলার সময়ে তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস থাকলেও, অতিরিক্ত আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ৪৭ থেকে ৪৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। ঘণ্টায় ৮ থেকে ১২ মাইল বেগে হাওয়া বইতে পারে বলেও অনুমান।
দুবাইয়ের ২২ গজের পিচ স্পিনারদের সাহায্য করতে পারে। দীপ্তি শর্মাদের মতো বোলাররা এই উইকেট থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচ যত এগোবে, পিচের গতি ধীরে ধীরে কমে যেতে পারে। ফলে ব্যাটারদের পাশাপাশি স্পিনারদের ভূমিকা এই ম্যাচে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সব মিলিয়ে মেগা ম্যাচের জন্য পটভূমি কার্যত তৈরি। এখন শুধু অপেক্ষা, দুই দলের তারকা ক্রিকেটারদের মাঠে নেমে লড়াই শুরু করার।
এই ম্যাচের আগে আবারও উঠে এসেছে একটি পুরনো প্রশ্ন—ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা কি একে অপরের সঙ্গে করমর্দন করবেন? এই প্রসঙ্গে আগেই নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন ভারতীয় মহিলা দলের প্রধান কোচ অমল মজুমদার। টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছিলেন, মাঠের বাইরের বিষয় নিয়ে দল ভাবতে চায় না। তাঁদের মূল লক্ষ্য মাঠে নিজেদের সেরাটা দেওয়া।
অমল মজুমদার বলেছিলেন, ‘আমরা সবসময় নিজেদের দক্ষতা অনুযায়ী সেরা ক্রিকেট খেলতে চাই। মাঠের বাইরের বিষয়গুলির দিকে আমাদের নজর থাকে না। এ বিষয়ে যখন সেই ম্যাচ খেলব, তখন কথা বলা যাবে। এখন আমাদের সম্পূর্ণ মনোযোগ তাইল্যান্ড ম্যাচের দিকে। আমরা এক একটি ম্যাচ ধরে এগোতে চাই।’
এবার দেখার বিষয়, টসের সময় কিংবা ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে করমর্দন করেন কি না। সেই উত্তর মিলবে ভারত-পাকিস্তানের এই বহুল প্রতীক্ষিত মহারণেই।







