নিজস্ব সংবাদদাতা: জল্পনার অবসান ঘটল। অবশেষে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR (Special Intensive Revision) প্রক্রিয়া। সোমবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন, মঙ্গলবার রাত পোহালেই বাংলা-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হবে এই বিশেষ নিবিড় সমীক্ষা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“পশ্চিমবঙ্গের কথা যদি বলি, কোনও বিরোধ নেই। সংবিধানের অন্তর্গত প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান নিজের নিজের দায়িত্ব পালন করে। নির্বাচন কমিশন যেমন বিশেষ নিবিড় সমীক্ষা চালাচ্ছে, তেমনি রাজ্য সরকারগুলিকেও তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে।”
জ্ঞানেশ কুমারের মন্তব্যে স্পষ্ট, কমিশন রাজ্য সরকারের সহযোগিতা প্রত্যাশা করছে। একইসঙ্গে তিনি বলেন,
“আইনশৃঙ্খলা রক্ষা করা রাজ্য সরকারের সাংবিধানিক দায়িত্ব। আমি আশা করি, প্রত্যেক রাজ্য সেই দায়িত্ব পালন করবে।”
এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে বাংলায়। মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্যের রেশ ধরে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী রাজ্য সরকার ও শাসক তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন,
“নির্বাচন কমিশনের নিজস্ব কোনও স্টাফ নেই। যেখানেই ভোটের কাজ হবে, সেই রাজ্যের কর্মচারীদেরই কমিশনের কাজে লাগাতে হয়। ভোটার তালিকা সংশোধনে লাখ লাখ কর্মী লাগে, যাঁরা সবাই রাজ্য সরকারের অধীন।”
অধীরের কটাক্ষ,
“বিডিও, এসডিও, ডিএম — সবাই রাজ্যের শাসকদলের কথায় ওঠে-বসে। ফলে কর্মী দিতে রাজ্যের কোনও আপত্তি থাকার কথাই নয়। মাথাব্যথা থাকার কথা আমাদের, কারণ পশ্চিমবঙ্গে জীবিত ভোটারকে মৃত আর মৃত ভোটারকে জীবিত দেখানো নতুন কিছু নয়! বুথ দখল আর ভোট চুরি এখানকার চিরচেনা ছবি।”
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন অধীর। তাঁর কথায়,
“SIR শুরু হচ্ছে, এতে অবাক হওয়ার কিছু নেই। বিহারে শুরু হয়েছে, সারা দেশেই হবে। আমরা আমাদের আপত্তি জানিয়েছি রাহুল গান্ধীর নেতৃত্বে। কিন্তু কোনও বৈধ ভোটার যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, তার জন্য কংগ্রেস রাস্তায় নেমে লড়াই করবে।”
অন্যদিকে, বিজেপির একাংশের দাবি — এসআইআর প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ পড়বে।
এই মন্তব্যের জবাবে অধীর বলেন,
“এসআইআর কোনও একপাক্ষিক প্রক্রিয়া নয়। বিহারের অভিজ্ঞতা বলছে, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন গরিব, দলিত ও তফসিলি নাগরিকরা — অর্থাৎ পিছিয়ে পড়া হিন্দু সমাজের মানুষ। তাই এই প্রক্রিয়ায় ভারসাম্য ও স্বচ্ছতা বজায় রাখা জরুরি।”
সব মিলিয়ে, নির্বাচন কমিশনের এই ঘোষণায় ভোটের আগে ফের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ।
এখন দেখার, রাজ্য প্রশাসন ও নির্বাচন কমিশনের সমন্বয়ে বিশেষ নিবিড় সমীক্ষা কতটা নির্বিঘ্নে সম্পন্ন হয়।







